পুলিশ কর্মকর্তা রবিউলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে দেশের জঙ্গিবাদেরও পতন ঘটবে বলে আশা প্রকাশ করছেন তার মা কামনুন্নেসা বেগম। ২০১৬ সালের পহেলা জুলাই গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত হন মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকার মৃত আব্দুল মালেকের বড়ো ছেলে এসি রবিউল ইসলাম।
কামনুন্নেসা বেগম আবেগ আপ্লুত হয়ে বলেন, একজন মা হিসেবে বলতে চাই আমার সন্তানতো আর কোনো দিন ফেরত পাব না। এটা চিরসত্য। কিন্তু আমি চাই আমার মতো আর কোনো মা যেন এমন করে আর কষ্ট না পায়। আমার নাতি-নাতনির মতো আর কোনো নাতি-নাতনি যেন বাবা না হারায়। কোনো স্ত্রী যেন তার স্বামী না হারায়। কোনো ভাই যেন অকালে তার ভাইকে না হারায়। কোনো বাবা যেন এমন সময়ে কোনো সন্তানকে না হারায়। উপযুক্ত বিচার হোক। সরকার এমন বিচার করুক, বিচারক এমন বিচার করুক যা সারা বিশ্বের মানুষ দেখুক, জানুক, বুঝুক একটা মানুষকে এভাবে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলে তার পরিণাম কি হয়। যারা করেছে, এই কষ্টটা তাদের বাবা মাও বুঝুক।
