গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. জহিরউদ্দিন স্বপনের বিরুদ্ধে শনিবার রাতে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন গৌরনদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। জানা গেছে, নির্বাচনী প্রচারকালীন সময়ে বিএনপি নেতা স্বপন আওয়ামী লীগ নেতা হারিছের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেছেন। এ ছাড়া তার সাথে থাকা অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা মেয়র হারিছকে নানাভাবে হত্যার হুমকি দেওয়ায় তিনি শনিবার রাত আটটায় গৌরনদী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন ।
গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান জানান, বরিশাল-১ আসন থেকে মনোনীত প্রার্থী আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ্র নৌকা প্রতীকের সমর্থনে একজন কর্মী হিসেবে কাজ করছি। এ কারণে বিএনপি মনোনীত প্রার্থী এম. জহিরউদ্দিন স্বপন নির্বাচনী প্রচার-প্রচারণার সময়ে বক্তব্যে আমাকে কেন্দ্র করে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলে আসছেন এবং তার সাথে থাকা অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা আমাকে নানাভাবে হত্যার হুমকি দিচ্ছে। স্বপন ও তার সাথে থাকা কতিপয় সন্ত্রাসী দ্বারা আমার যে কোনো ধরনের ক্ষতি বা জীবনহানি ঘটতে পারে তাই নিরাপত্তার কারণে গৌরনদী থানায় সাধারণ ডায়েরি করি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ছরোয়ার বলেন, বিএনপি থেকে মনোনীত প্রার্থী এম. জহিরউদ্দিন স্বপনের বিরুদ্ধে পৌর মেয়র হারিছুর রহমান একটি জিডি করছেনে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
