সারাদেশ বিনোদন ডেস্ক
কিংবদন্তী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অমর সৃষ্টি হিমু, রূপা কিংবা মিসির আলী। গত ২৪ নভেম্বর শিল্পকলা মঞ্চে এই চরিত্রগুলো যেন জীবন্ত হয়ে উঠেছিল শিল্পীদের কণ্ঠে। হুমায়ূন আহমেদের বিভিন্ন রচনা থেকে পাঠ ও আবৃত্তি-গানে পুরো সন্ধ্যাটিই হয়ে উঠেছিল হুমায়ূনময়।
আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’-এর প্রতিষ্ঠার যুগপূর্তি উপলক্ষে বছরব্যাপী যুগপূর্তি অনুষ্ঠানমালার একাদশ নিবেদনটি সাজানো হয়েছিল কিংবদন্তী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সৃষ্টিকর্ম নিয়ে।
চট্টোগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘প্রিয় হুমায়ূন’ শিরোনামের এ আয়োজনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সূচনা বক্তব্য রাখেন তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম। এরপর আয়োজনের বিভিন্ন পর্বে শিল্পীরা পরিবেশন করেন হুমায়ূন আহমেদের গদ্য পাঠ, কবিতা আবৃত্তি ও গান। ‘হিমু রূপার ৫টি নীলপদ্ম শিরোনামের পর্বে পাঠে অংশ নেন আবৃত্তিশিল্পী লুবাবা ফেরদৌসি সায়কা, সেজুঁতি দে, শাহরীয়ার তানজিম, অনির্বাণ চৌধুরী ও জেবুন নাহার শারমিন। ‘হুমায়ূনের কবিতানামা’ শিরোনামের পর্বে তার কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী সুপ্রিয়া চৌধুরী, ইকবাল হোসেন জুয়েল, মৌ দত্ত, জীবন বড়ুয়া ও ঐশী চৌধুরী। ‘যদি মন কাঁদে, তুমি চলে এসো’ শিরোনামের পর্বে হুমায়ূন আহমেদের জনপ্রিয় কিছু গান পরিবেশন করেন সংগীতশিল্পী রুবেল চৌধুরী, অর্পিতা দাশগুপ্তা, আল তুষি ও আনিকা চৌধুরী। ‘মিসির আলীর চশমা’ শিরোনামের পর্বে পাঠে অংশ নেন আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, ফারুক তাহের, জাভেদ হোসেন, বনকুসুম বড়ুয়া ও শ্রাবণী দাশগুপ্তা।
