দুর্গম ইউনিয়নে ফাইবার অপটিক কেব্ল স্থাপন হবে

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২১:১৩

ক্রয় কমিটিতে প্রস্তাব অনুমোদন

ইত্তেফাক রিপোর্ট

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে আটটি বিভাগের ৭৭২টি দুর্গম ইউনিয়নে ফাইবার অপটিক কেব্ল স্থাপনে অপটিক্যাল ফাইবার কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইউনিয়ন পর্যায়ে নেটওয়ার্ক কানেকটিভিটি স্থাপনের কাজ দ্রুত বাস্তবায়নে ‘দুর্গম এলাকায় তথ্যপ্রযুক্তি নেটওয়ার্ক স্থাপন (কানেকটেড বাংলাদেশ)’ শীর্ষক প্রকল্প গত জুলাইয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভায় অনুমোদিত হয়। সরাসরি ক্রয় পদ্ধতিতে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ কেব্ল শিল্প লিমিটেড থেকে ৮১০৬ কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেব্ল ১১০ কোটি ৭৩ লাখ টাকায় কিনবে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিবি) এ প্রকল্প বাস্তবায়ন করবে। বৈঠকে অনুমোদিত আরেকটি প্রস্তাব হলো, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১ (চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনালসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ)’ শীর্ষক প্রকল্পভুক্ত কন্টাক্ট প্যাকেজ নম্বর বিআইডব্লিউটিপি-এস ৫-এর আওতায় বুদ্ধিভিত্তিক ও পেশাগত সেবাকাজের জন্য বিশেষজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগ। এতে ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ৮২ লাখ ৬৭ হাজর ৩৩১ টাকা।