টটেনহ্যামে মরিনহো ‘ম্যাজিক’

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২১:৩০

ড্র করেও শেষ ষোলোয় সিটি, রিয়াল

 স্পোর্টস ডেস্ক

টটেনহ্যাম হটস্পার, ম্যানচেষ্টার সিটি ও রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় খেলা নিশ্চিত করেছে। গত মঙ্গলবারের খেলাগুলোর আগেই টুর্নামেন্টের নকআউট পর্বে খেলা নিশ্চিত করে রেখেছিল বায়ার্ন মিউনিখ, জুভেন্তাস ও পিএসজি। 

কোচ হোসে মরিনহোর অধীনে খেলতে নেমে টটেনহ্যাম সর্বশেষ রাউন্ডে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত অলিম্পিয়া কোচের বিরুদ্ধে ৪-২ এ জিতে ‘বি’ গ্রুপ থেকে পরের রাউন্ডে পৌঁছে যায়। মূলত মরিনহোর অনুপ্রেরণাতেই টটেনহ্যাম নিজেদের মাঠে প্রথমে পিছিয়ে পড়েও দাপুটে জয় তুলে নিতে সক্ষম হয়।

এর মধ্য দিয়ে পর্তুগীজ কোচটিরও জয়ী প্রত্যাবর্তন হয় চ্যাম্পিয়ন্স লিগে। টটেনহ্যামের দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল মরিনহোর নিজমাঠে খেলা এবং এতে জাদুকরী প্রভাব রাখেন তিনি। মাত্র ১৯ মিনিটে দুই গোলে পিছিয়ে পড়ার পরই মাঝমাঠে পরিবর্তন আনেন তিনি। মাঠে নামান সাম্প্রতিক সময়ে সুযোগ না পাওয়া ক্রিশ্চিয়ান এরিকসেনকে।

তাতেই খেলায় ধার বেড়ে যায় স্বাগতিকদের। ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে প্রিমিয়ার লিগে জয় দিয়ে শুরু করার তিন দিনের মধ্যেই এ সাফল্য দেখালেন ১৫ বছর আগে বিস্ময় জাগিয়ে পোর্তোকে এবং পরে ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো মরিনহো। 

এই গ্রুপ থেকে বায়ার্ন আগেই শেষ ষোলোয় খেলা নিশ্চিত করে রেখেছিল। সর্বশেষ গত মঙ্গলবারের খেলায় দলটি ৬-০ গোলে হারায় ক্রেভেনা জভেজদাকে। রবার্ট লেভানডোভস্কি একাই চার গোল দেন। সব মিলিয়ে পাঁচ খেলায় পাঁচ জয় জার্মান চ্যাম্পিয়নদের। ভারপ্রাপ্ত কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে এ নিয়ে টানা চার জয় পেল বায়ার্ন।

ম্যানচেষ্টার সিটি ১-১ গোলে শাখটার ডনেটস্কের সঙ্গে খেলা শেষ করলেও এই এক পয়েন্টই যথেষ্ট ছিল ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে যোগ দেওয়ার জন্য। এ নিয়ে টানা সাত মৌসুম দলটি নক আউটে উঠলেও তাদের খেলার প্রত্যাশিত মানে ছিল না।

রিয়াল এদিন পিএসজির বিরুদ্ধে খেলতে নামার আগেই জানতো তাদের পরের রাউন্ডে ওঠা নিশ্চিত। গ্রুপের দুই দল গালাতাসারায় ও ক্লাব ব্রুজ ১-১ গোলে ড্র করাই ছিল এর কারণ। কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আশা জিইয়ে রাখতে হলে তাদের জিততেই হতো। বিরতির আগে-পরে করিম বেনজেমার দুই গোলে সে পথেই ছিল কোচ জিনেদিন জিদানের দল।

কিন্তু পিএসজি ৮১ ও ৮৩ মিনিটে কিলিয়ান এমবাপে ও পাবলো সারাবিয়ার গোলে জয়বঞ্চিত করে স্বাগতিকদের। ড্রটির সুবাদে ‘এ’ গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত হয় ফরাসি চ্যাম্পিয়নদের। যদিও যোগ হওয়া সময়ে গ্যারেথ বেলের একটি ফ্রিকিক পোস্টে লেগে বিফলে যায়।

জুভেন্তাস ‘ডি’ গ্রুপ থেকে পরের রাউন্ডে ওঠা নিশ্চিত করে রেখেছিল আগেই। এর মধ্যে পাওলো দিবালার গোলে ১-০তে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই নিশ্চিত করে ফেলে কোচ মাউরিজিও সারির দল।

শেষ ষোলো তথা নকআউট পর্বে কে কার বিরুদ্ধে খেলবে তা ঠিক হবে ১৬ ডিসেম্বর, সুইজারল্যান্ডের নিয়তে। সেখানে আট গ্রুপের বিজয়ীদের রাখা হবে এক পটে। অপরদিকে রানার্স আপদের রাখা হবে আরেকটি পটে। এ পর্বে কিছু নিয়মকানুন মেনে এক গ্রুপের বিজয়ী খেলবে আরেক গ্রুপের রানার্স আপের সঙ্গে।

একনজরে

রিয়াল মাদ্রিদ      ২-২   পিএসজি

টটেনহ্যাম           ৪-২   অলিম্পিয়া কোচ

ক্রেভেনা            ০-৬  বায়ার্ন মিউনিখ

ম্যানচেষ্টার সিটি  ১-১   শাখতার দোনেস্ক

জুভেন্তাস           ১-০   অ্যাটলেটিকো মাদ্রিদ