বাগেরহাটে নিখোঁজ শিশুর লাশ পাওয়া গেল পুকুর পাড়ে

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২১:৫২

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামে নিখোঁজ হওয়ার ৪ ঘণ্টা পর রিফাত তালুকদার (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে বাড়ি থেকে প্রায় ৭৫০ মিটার দূরে একটি পুকুর পাড়ে কাদা ও গাছের পাতা দিয়ে ঢেকে রাখা লাশটি উদ্ধার করা হয়। নিহত রিফাত চৌদ্দহাজারী গ্রামে আব্দুল মান্নান তালুকদারের ছেলে।

শিশুটির পরিবারের সদস্যরা জানান, মাত্র ৪ মাস আগে খালিদ তালুকদার (৬) নামে এক শিশুকে একইভাবে সন্ত্রাসীরা হত্যা করে। সে ছিলো নিহত রিফাত তালুকদারের আপন চাচাতো ভাই। খালিদ তালুকদার হত্যা মামলার আসামিরা জামিনে জেল থেকে ছাড়া পেয়ে একই পরিবারের শিশু রিফাতকেও হত্যা করেছে বলে তারা দাবি করেন।

ঘটনাস্থল থেকে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল মোবাইল ফোনে জানান, চৌদ্দহাজারী গ্রামে আব্দুল মান্নান তালুকদারের ৫ বছর বয়সী শিশু সন্তান রিফাত তালুকদার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির বাইরে গিয়ে নিখোঁজ হয়। বিকালে ওই বাড়ি থেকে প্রায় ৭৫০ মিটার দূরে একটি বাগানে একটি মেয়ে সুপারী কুড়াতে গিয়ে পুকুর পাড়ের কাদাচাপা দেওয়া ও গাছের পাতা দিয়ে ঢেকে রাখা অবস্থায় শিশুটির লাশ দেখতে পায়। এই শিশুর চাচাতো ভাই ৬ বছর বয়সী খালিদ তালুকদারকে মাত্র ৪ মাস আগে সন্ত্রাসীরা অপহরণ করে হত্যা করে।