রাজশাহী শহরে যানজট

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:৩৭

শান্তি ও শিক্ষা নগরী হিসেবে পরিচিত রাজশাহী। পরিষ্কার রাস্তাঘাট, আধুনিক নিষ্কাশন ব্যবস্থা এবং পর্যাপ্ত গাছপালা থাকায় দূষণমুক্ত অক্সিজেন নির্গমনকারী শহরগুলোর মধ্যে অন্যতম এই শহরটি বসবাসের জন্য আদর্শ। তবে ইদানীং এখানে যানজট প্রকট আকার ধারণ করেছে। ব্যাটারিচালিত অটোরিকশা রাস্তায় চলাচল করছে যাদের অনেকেরই লাইসেন্স নেই। শহরের রেলগেট এলাকায় রাজশাহী-নওগাঁ সড়কের প্রবেশমুখে প্রায় অর্ধেক রাস্তাজুড়ে একটি সিএনজি স্টেশন রয়েছে। ফলে সরু রাস্তা আরো সরু হয়ে গিয়েছে। এছাড়া এখানে একটি বাসস্ট্যান্ড রয়েছে, যেখানে বাসগুলো দাঁড়ানো থাকে মূল সড়কের অনেকটা দখল করে। উপরন্তু অটোরিকশা যত্রতত্র রাস্তার ওপর দাঁড়ায় এবং যাত্রী ওঠে-নামে। যার ফলে রাস্তায় দীর্ঘ জ্যাম লেগেই থাকে। এতে নষ্ট হচ্ছে মানুষের মূল্যবান কর্মঘণ্টা আর বাড়ছে দুর্ভোগ। রাস্তাটির একজন নিয়মিত যাত্রী হিসেবে এই অবস্থার আশু পরিবর্তন কামনা করছি।

আসিফ ইকবাল

ফাইন্যান্স বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়