শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বেসরকারি কলেজ ও মাদ্রাসার প্রভাষকদের ২০১৮ নীতিমালায় উচ্চতর গ্রেড হিসেবে ৯ থেকে ৮-এ বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ আগের নীতিমালায় ছিল গ্রেড ৭-এ বেতনভাতা দেওয়ার, যা ছিল ন্যায়সঙ্গত। ২০১৮-এর নীতিমালায় প্রভাষকদের অবমূল্যায়ন করা হয়েছে। কেননা সহকারী শিক্ষকরা (বিএড বিহীন) ১০ বছর পর ১২৫০০ থেকে ১৬০০০ টাকায় উন্নীত হবেন, যেখানে ৩৫০০ টাকা বৃদ্ধি পাবে। সহকারী শিক্ষকরা (বিএড-এর অধিকারী) ১০ বছর পর ১৬০০০ থেকে ২২০০০ টাকায় উন্নীত হবেন, যেখানে ৬০০০ টাকা বাড়বে। আর একজন প্রভাষক ১০ বছর পর ২২০০০ টাকা থেকে ২৩০০০ টাকায় উন্নীত হবেন। যেখানে মাত্র ১০০০ টাকা বৃদ্ধি পাবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত নিবেদন এই যে, বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ৪ ডিসেম্বরের সভায় তা সংশোধন করে যথাযথ মূল্যায়ন করুন।
মনির হোসাইন
প্রভাষক, আরবি, হরিনারায়ণপুর জামেউল উলুম ফাজিল মাদ্রাসা, মনোহরদী, নরসিংদী
