আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধের পক্ষে সমাবেশে বক্তারা
ইত্তেফাক রিপোর্ট
চলতি ২০১৯ সালের গত ১০ মাসে কেবল ধর্ষণের শিকার হয়েছে ২০২০ জন নারী ও শিশু। এরই মধ্যে ১২ হাজার ৫৩ জন নারী ও ৭৬৭ জন শিশু। একই সময়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছে ২০০ নারী ও ১৩৫ শিশুকে। যৌন সহিংসতায় শিকার হয়েছে ২২১ নারী ও ৮০ মেয়েশিশু।
এদের মধ্যে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ২৫১ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৬২ জনকে। নির্যাতনের অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে ১০ নারী। আইন ও সালিশ কেন্দ্র ও মানুষের জন্য ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য তৈরি করেছে। বাস্তবে এ সংখ্যা আরো বেশি হবে বলে ধারণা সংশ্লিষ্ট বিজ্ঞজনদের।
গতকাল বুধবার নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত সমাবেশে আয়োজক সংগঠনগুলো এ তথ্য জানায়। ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গতকাল দেশে ৩১০টি স্থানে পালিত হয় এ সমাবেশ। সমাবেশের আয়োজন করে মানুষের জন্য ফাউন্ডেশন, আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্ট, ব্র্যাক, মহিলা পরিষদ, নিজেরা করি, ব্রেকিং দ্যা সাইলেন্স, নারী সাংবাদিক কেন্দ্র, কর্মজীবী নারী, একশন এইডসহ মোট ১৯টি সংগঠন। এতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। সমাবেশে সংহতি প্রকাশ করে অংশ নেন আরো শতাধিক সংগঠনের নেতৃবৃন্দ। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কর্মসূচি হিসেবে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে গণজাগরণ তৈরি করতে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি দেশে নারী ও শিশুর ওপর ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে। এ ঘটনা থেকে রেহাই পাচ্ছে না প্রতিবন্ধী নারী, শিশু এমনকি ছেলে শিশুরাও। তারা ঘরে বাইরে, রাস্তাঘাটে, যানবাহন, কর্মক্ষেত্রে, শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ষণ, গণধর্ষণসহ যৌন হয়রানির শিকার হচ্ছে। আর দোষীরা বিনা বিচারে পার পেয়ে যাচ্ছে। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি অপরাধীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। ঘটনা তদন্তের সঙ্গে সম্পৃক্ত পুলিশ, ডাক্তার ও সংশ্লিষ্ট প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, কর্মজীবী নারীর, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক, ব্র্যাকের সেলিনা আহমেদ, অভিনয় শিল্পী আফসানা মিমি প্রমুখ।
