স্ত্রীসহ রাজউক ও গৃহায়নের কর্মীকে দুদকের নোটিশ

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ০০:৩৩

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড অফিসার মিজানুর রহমান, তার স্ত্রী তামান্না মিম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ভূমি সম্পত্তি ও ব্যবস্থাপনা উইংয়ের অফিস সহকারী মোস্তফা কামাল ও তার স্ত্রী নাসরিন সুলতানাকে সম্পদ বিবরণীর নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার কমিশন থেকে তাদের নিজ নিজ বাসার ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়েছে। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত তাদের কাছে পাঠানো পৃথক চিঠিতে তাদেরকে ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব দিতে বলা হয়েছে।

অভিযোগের ব্যাপারে দুদকের চিঠিগুলোতে বলা হয়েছে, দুদক প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত নামে-বেনামে বিপুল সম্পদের প্রমাণ পেয়েছে। তাদের আগামী ২১ কর্মদিবসের মধ্যে তার নিজের, নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উত্স ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে জমা দিতে হবে। এ সময়ের মধ্যে তা করতে ব্যর্থ হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।