শ্রীলংকায় ফের প্রধানমন্ত্রী পদে ফিরলেন রনিল বিক্রমাসিংহ যাকে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। সেই প্রেসিডেন্টই তাকে গতকাল রবিবার শপথ বাক্য পাঠ করান। গত ৫১ দিন ধরে অচলাবস্থার মধ্যে ছিল দ্বীপ রাষ্ট্রটি। এর আগে শনিবার বিতর্কিত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেন। খবর এনডিটিভি’র
গত ২৬ অক্টোবর রনিল বিক্রমাসিংহকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট সিরিসেনা। কিন্তু রনিল তার পদ থেকে সরে যেতে অস্বীকৃতি জানান। এমনকি ৬৯ বছর বয়সী রনিল প্রধানমন্ত্রীর বাসভবনও ত্যাগ করেননি। প্রেসিডেন্ট সিরিসেনা তাকে সরিয়ে তার ঘনিষ্ট মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী পদে বসান। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ আঁঁকড়ে ছিলেন। তিনি দুইবার পার্লামেন্টে ভোটাভুটিতে অনাস্থার শিকার হন। পার্লামেন্ট রাজাপাকসে এবং তার মন্ত্রিপরিষদের বেতন ভাতা বন্ধ করে দিয়েছিল। সুপ্রিম কোর্টও তার বিপক্ষে রায় দেয়। তারপরও তিনি পদত্যাগ করেননি। অবশেষে শনিবার প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নেন রাজাপাকসে। গতকাল রনিলকে শপথ বাক্য পাঠ করার প্রেসিডেন্ট সিরিসেনা যিনি অঙ্গীকার করেছিলেন তিনি কোনোভাবেই রনিলকে প্রধানমন্ত্রী পদে বসাবেন না। প্রেসিডেন্ট সিরিসেনা আগাম নির্বাচনের ঘোষনা দিয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করায় বিপদে পড়েন সিরিসেনা। বিশ্লেষকরা বলছেন, গত ৫১ দিনে শ্রীলংকার অর্থনীতির দারুণ ক্ষতি হয়েছে। দেশটি ঋণগ্রস্ত হয়ে পড়েছে। তাই বাধ্য হয়েই রাজপাকসে পদত্যাগ করেছেন এবং অবশেষে দেশটিতে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হয়েছে।
