সাংবাদিক জামাল খাশোগি হত্যায় বিশ্বাসযোগ্য তদন্ত দাবি করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি এই হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের শাস্তিও চান। গতকাল রবিবার কাতারে দোহা ফোরাম সম্মেলনে এই দাবি জানান জাতিসংঘ মহাসচিব। খবর আল-জাজিরা’র
জাতিসংঘ মহাসচিব বলেন, সাংবাদিক খাশোগি হত্যায় বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া খুবই জরুরি। এর সঙ্গে যারা জড়িত তাদেরও শাস্তি হওয়া দরকার। অ্যান্তোনিও গুতেরেস বলেন, এই হত্যাকান্ড নিয়ে মিডিয়ার রিপোর্টের বাইরে তিনি আর কিছু জানেন না। গত ২ অক্টোবর তুরস্কের সৌদি আরবের কনস্যুলেটে হত্যার শিকার হন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি। তাকে হত্যার কথা স্বীকার করলেও সৌদি যুবরাজ এতে জড়িত নয় বলে জানিয়েছে দেশটির সরকার। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র তদন্তে খাশোগিকে হত্যার নির্দেশদাতা হিসেবে যুবরাজকে দায়ী করা হয়েছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা এই হত্যাকান্ডের শেষ দেখে ছাড়বেন। তিনি দোহা সম্মেলনে বলেন, আমরা হত্যাকান্ডের বিষয়ে নতুন কোনো তথ্য পাইনি।
