বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘পিথাই’

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২২:২৫

বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘পিথাই’। এর প্রভাবে রাজধানীসহ দেশের কিছু কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকট সাগর উত্তাল থাকায় চার সমুদ্র বন্দরসূমহকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

এ সংক্রান্ত এক বুলটিনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘পিথাই’ এ পরিণত হয়েছে। এটি গতকাল বেলা ১২ টায় দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর/উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ে বর্ধিতাংশ বিহার ও তত্সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে আজ সোমবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিঃ মিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কি. মি. যা দমকা অথবা

ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কি. মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।