ইত্তেফাক রিপোর্ট
আগামী বছরের জুনের মধ্যে সারা দেশের আট বিভাগীয় ও জেলা শহরে ৩১টি আঞ্চলিক এসএমই পণ্য মেলার আয়োজন করবে এসএমই ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে এ বিষয়ে রূপরেখা চূড়ান্তকরণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিল্প সচিব মো. আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাউদ্দিন মাহমুদ এবং বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান এনডিসি। অনুষ্ঠানে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, আগামী ডিসেম্বর ১৯ থেকে ফেব্রুয়ারি ২০-এর মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে আহ্বায়ক, বিসিক প্রতিনিধিকে সদস্য সচিব করে আঞ্চলিক এসএমই পণ্য মেলা আয়োজনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয় কর্মশালায়। এছাড়া ফেব্রুয়ারি ২০২০-এ ঢাকায় আয়োজন করা হবে ৮ম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২০। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধনের কথা রয়েছে।
