মেহেরপুরে বিজয় দিবসের অনুষ্ঠানে পুলিশের ওপর হামলা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২২:২৭

মেহেরপুর স্টেডিয়াম মাঠে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে পুলিশের ওপর হামলা করেছে ছাত্রলীগ। এ ঘটনায় জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল সালাম বাঁধনসহ ছাত্রলীগের চারজনকে আটক করেছে পুলিশ। হামলায় আহত হয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, পুলিশ লাইনসের কনস্টেবল মোঃ রনি (২৬) ও মেহেরপুর শহরের ভূমি অফিসপাড়ার স্কুলছাত্র সুরুজ আলী (১৫)।

ওসি রবিউলকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। রনি ও সুরুজকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক অন্যরা হলেন— ছাত্রলীগ কর্মী ইব্রাহীম (১৭), শিশির (১৮) ও আশিক (১৬)।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, রবিবার বেলা ১১টার দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে ইব্রাহিম হোসেন নামের এক ছাত্রলীগ কর্মী ভূমি অফিসপাড়ার সুরুজ আলীকে মারধর করছিল। এ সময় পুলিশ সদস্যরা মারধর থামাতে ছাত্রলীগ কর্মী ইব্রাহিম হোসেনকে আটক করে। স্টেডিয়ামে উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ কর্মী ইব্রাহিমকে জোরপূর্বক ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এতে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। ওসিকে ধাক্কা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।