ছাতকে খাল থেকে শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ২১:৪২

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

ছাতকে তামান্না আক্তার নামের ৮ মাস বয়সি এক শিশু-কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বাড়ি সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। তামান্না আক্তার উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রাকাপন-নোয়াগাঁও গ্রামের নূর আহমদের মেয়ে।

বুধবার রাতে তামান্নাকে বিছানায় রেখে মা লাইলী বেগম ঘরের বাইরে যান। পরে ফিরে এসে তামান্নাকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। সকালে খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন ও ছাতক থানার ওসি মোস্তাফা কামাল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারে তল্লাশি চালান। এক পর্যায়ে বাড়ি সংলগ্ন খাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য শিশুর ফুফু পারভিন বেগমকে আটক করেছে পুলিশ।