গণহত্যা ও নির্যাতন বিষয়ে সেমিনার
স্টাফ রিপোর্টার, দিনাজপুর অফিস দিনাজপুর সরকারি সিটি কলেজের হলরুমে বৃহস্পতিবার মহান বিজয় দিবস-২০১৯ উদ্যাপন উপলক্ষ্যে গণহত্যা ও নির্যাতন-১৯৭১ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। দিনাজপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ, দিনাজপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক আলী ছায়েদ, জেলা বাসদের নেতা সারোয়ারুল হাসান ক্লিপ্টন, বাংলাদেশ সোশ্যাল ডেভেলপমেন্ট একাডেমি (বিএসডিএ) এর নির্বাহী পরিচালক ড. মো. আব্দুস ছালাম, সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মিতা চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক নূরে আলম সিদ্দিকী।
সরকারি কর্মকর্তাদের সঙ্গে নৃ-গোষ্ঠী প্ল্যাটফরমের মতবিনিময়
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা ফুলবাড়ীতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্ল্যাটফরমের মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্ল্যাটফরমের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, সরকার সকল ধর্ম ও বর্ণের মানুষের উন্নয়নে সমানভাবে কাজ করে যাচ্ছে। সরকারি অনুদান বিতরণ ও প্রাপ্তির ক্ষেত্রে সরকারি নীতিমালার আলোকে তা করা হয়।
তিতাসের গাজীপুর ছাত্রলীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লা তিতাসের উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দামের বিরুদ্ধে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাজীপুর ছাত্রলীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী সংবাদ সম্মেলনে অভিযোগে বলেন, যার প্ররোচনায় সংবাদটি প্রকাশিত হয়েছে, সেই রবিউল ইসলামের সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতা রয়েছে। জামায়াতের কর্মকাণ্ড পরিচালনায় বাধা দেওয়ার কারণে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছেন। উল্লেখ্য, গত ২৭ নভেম্বর একটি দৈনিকে ‘এমপি প্রার্থীকে পিছমোড়া বেঁধে পিটুনি ছাত্রলীগ নেতাদের’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু ১ ডিসেম্বর
কিশোরগঞ্জ প্রতিনিধি আগামী ১ ডিসেম্বর থেকে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং খান ব্রাদার্স গ্রুপের সহযোগিতায় টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে ৩০ নভেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা
বেতাগী (বরগুনা) সংবাদদাতা বেতাগীতে যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউএনওর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, বেতাগী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আমিন প্রমুখ।
বিজ্ঞান মেলা সমাপ্ত
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা পাঁচবিবিতে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বৃহস্পতিবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মণ্ডল, থানার সেকেন্ড অফিসার এসআই ফারুক হোসেন প্রমুখ।
কৃষকের মধ্যে বীজ-সার-কীটনাশক বিতরণ
কালিয়া (নড়াইল) সংবাদদাতা কালিয়ার ৬০০ কৃষকের মাঝে গম বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিস চত্বরে ঐ বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম শেখ ও সোহেলী পারভীন নিরি, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জামসেদ আহম্মেদ খন্দকার, কৃষি কর্মকর্তা সুবির কুমার বিশ্বাস, প্রাণিসম্পদ কর্মকর্তা তাপস কুমার দাশ, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটু প্রমুখ। এর আগে উপজেলার তিন জন বীজ খামারিকে ৫০ কেজি হারে ধানবীজ, ১ হাজার ৩৫৪ কেজি হারে সার ও প্রয়োজনীয় কীটনাশক বিতরণ করা হয়।
পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা পীরগঞ্জ পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলাম সম্মেলনের উদ্বোধন করেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হকের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী প্রমুখ। উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের প্রতিটি থেকে ৩১ জন করে ও উপজেলা কমিটির ৬৭ জনসহ ৪২৩ জন কাউন্সিলরের তালিকা চূড়ান্ত করে আওয়ামী লীগ। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউন্সিল অধিবেশন চলছিল।
০
