লুকাকুর ২৫০

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ২১:৫১

ইন্টার মিলানের জয়ে ক্যারিয়ারের ২৫০তম গোল করলেন রোমেলো লুকাকু। তার এক গোলের পাশাপাশি লাউরো মার্টিনেজের জোড়া লক্ষ্যভেদে ইতালির ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ৩-১ গোলে হারায় স্লাভিয়া প্রাগকে। এ জয়ে ইউরোপের ক্লাবগুলোর শীর্ষ এ প্রতিযোগিতায় নকআউট পর্বে ওঠার সম্ভাবনা জিইয়ে থাকল ইন্টারের। ক্লাব ফুটবলে লুকাকুর এটি ১৯৮ গোল। অবশিষ্ট ৫২ গোল করেছেন তিনি বেলজিয়ামের হয়ে। চলতি মৌসুমে ক্লাব রেকর্ড ফিতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইতালিতে পাড়ি জমানোর পর সিরি আতে ১০ গোল করেন লুকাকু। তারপর চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে প্রথম গোলটির দেখা পেলেন তিনি। ইন্টার কোচ আন্তনিও কন্তে পরে তার দুই স্ট্রাইকারের প্রশংসায় উচ্ছ্বসিত হন।