‘নারীর প্রতি সহিংসতা রোধে তরুণদেরই অগ্রণী ভূমিকা নিতে হবে’

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ২২:১৪

ইত্তেফাক রিপোর্ট

পৃথিবীজুড়ে নারীর প্রতি সহিংসতা চলছে। এই সহিংসতা প্রতিরোধে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রতিটি তরুণ যদি দায়িত্ব নেয় যে তাদের সামনে কোনো নারীকে নির্যাতনের শিকার হতে দেবেন না, তাহলেই দেশে নারী নির্যাতনের চিত্র পালটে যাবে বলে মনে করেন বক্তারা। 

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত ‘কন্যাশিশুর অধিকার ও সুরক্ষা বিষয়ে’ তরুণ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০১৯ উপলক্ষ্যে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ।

সভাপতির বক্তব্যে মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, পৃথিবীজুড়ে নারীর প্রতি সহিংসতা চলছে। এই সহিংসতা প্রতিরোধে এগিয়ে আসতে হবে তরুণ প্রজন্মকে।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ। নটরডেম কলেজ শিক্ষার্থী ধ্রুবজ্যোতি সংহতি প্রকাশ করেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগঠনের সদস্য শিল্পী আখতার, শিক্ষার্থী আরাফাত সিয়াম, মাসুম, ব্যান্ডদল ব্যাংকসপার্ক এবং ব্যান্ডদল এফ মাইনর। স্বরচিত কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থী আল মামুন। আদিবাসী নৃত্য পরিবেশন করেন পুষ্পা চাকমা। সমাবেশ সঞ্চালনা করেন অ্যাডভোকেসি ও লবি পরিচালক জনা গোস্বামী, সিনিয়র আইনজীবী দিপ্তী রানি সিকদার এবং সিনিয়র ট্রেনিং অ্যান্ড রিসার্চ অফিসার শাহাজাদী আফজালী শম্পা।