সাভারে রানা প্লাজা ধসের স্মৃতিস্তম্ভ সংরক্ষণের দাবিতে মানববন্ধন

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০০:৩১

সাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভটি সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী। গতকাল বৃহস্পতিবার সকালে ধসে পড়া রানা প্লাজার সামনে নির্মিত স্মৃতিস্তম্ভটির সামনে এই মানববন্ধন পালিত হয়েছে। এতে প্রধান অতিথি থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, স্মৃতিস্তম্ভটি যে কোনো মূল্যে সংরক্ষণ করতে হবে। কোনোভাবেই এটি উচ্ছেদ করা যাবে না। এটি সংরক্ষণ না করা হলে রানা প্লাজা ধসে নিহত ১ হাজার ১৩৬ জন শ্রমিকের আত্মা কষ্ট পাবে।

শ্রমিক নেতারা বলেন, সাভারে কয়েক দিন ধরে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। এ স্থাপনা উচ্ছেদ অভিযানকে আমরা স্বাগত জানাই। কিন্তু সড়কের পাশে রানা প্লাজায় নিহত শ্রমিকদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভটি ভেঙে ফেলা হোক সেটা আমরা একদমই চাই না। কর্তৃপক্ষ যদি মনে করে সেটি সরানোর দরকার তাহলে সড়ক থেকে একটু দূরে সরিয়ে নিয়ে রানা          প্লাজার ভবনের স্থলে স্থায়ীভাবে এটাকে স্থাপন করতে পারে।