চল্লিশ মণ হাঙ্গরসহ এক জনকে আটক করেছে কোস্ট গার্ড

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০০:৪০

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি বেইস ভোলা ৪০ মণ হাঙ্গর জব্দ করেছে। জড়িত থাকার অভিযোগে আনিছ মিয়া নামে এক পাচারকারীকে আটক করেছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. বিএন এম হায়াত ইবনে সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানার ইলিশা ফেরিঘাট এলাকায় ভোলা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে হাঙ্গরসহ পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত হাঙ্গরের মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

তিনি জানান, জব্দকৃত হাঙ্গর ভোলার ইউএনও  কামাল হোসেন, সহকারী বন সংরক্ষক  জামাল ভূঁইয়া ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে মাটিতে পুঁতে রাখা হয় এবং কাভার্ড ভ্যানসহ পাচারকারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও ভোলার নিকট হস্তান্তর করা হয়।

কোস্টগার্ডের এ কর্মকর্তা আরো বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি এবং দেশের মত্স্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।