গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজী (আইইউটি)-এর প্রাক্তন এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গাছা থানার পুলিশ। রবিবার দুপুরে গাজীপুর মহানগরীর পূর্ব কলমেশ্বর এলাকার হাবিবুর রহমানের ভাড়া বাড়ির ৪র্থ তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত শিক্ষার্থীর নাম খালিদ সাইফুল্লা উজ্জল (২৩)। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার কোরপালা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
গাছা থানার এসআই শেখ সজল হোসেন জানান, উজ্জল আইইউটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রাক্তন ছাত্র ছিলেন। গত শিক্ষাবর্ষে গ্রাজুয়েশন সম্পন্ন করে তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় ওই বাসায় ভাড়া থেকে কোচিংএ শিক্ষার্থীদের পড়াতেন।
তিনি জানান, শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত দীর্ঘ সময় উজ্জলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় রবিবার দুপুরে পার্শ্ববর্তী ফ্ল্যাটের লোকজন তাকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ পাচ্ছিল না। পরে ফ্ল্যাটের লোকজন বাইরে জানালার ফাঁক দিয়ে তার লাশ সিলিং ফ্যানের সঙ্গে গলায় কাপড় দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজার সিটকারি ভেঙে ভেতরে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করে। তিনি আরো জানান, উজ্জল ৬-৭ মাস আগে ওই ফ্ল্যাটের ৪র্থ তলায় ভাড়ায় উঠে। এখানে থেকে সে ছাত্রদের কোচিং করাতো। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে এ আত্মহত্যার পেছনে প্রেমঘটিত কারণ থাকতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।
