নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, সাবধান, একদম সাবধান। নির্বাচন নিয়ে জ্বালাও পোড়াও করলে ছাড় দেওয়া হবে না। এ লড়াই স্বাধীনতার পক্ষের লড়াই। এ লড়াই করে আমাদের বহুদূর যেতে হবে। আপনারা দেখে শুনে ভোট দেবেন। ঐক্যবদ্ধ থাকেন জয় আমাদের হবেই। তিনি আরো বলেন, একাদশ সংসদ নির্বাচন আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার নির্বাচন নয়, এ নির্বাচন দেশ বাঁচানোর নির্বাচন। বিএনপির নেতা ড. খন্দকার মোশারফ পাকিস্তানের আইএসের সঙ্গে কথা বলেছেন। দেশের ষড়যন্ত্র হচ্ছে। এ ষড়যন্ত্রে পাকিস্তান জড়িত। কিছুদিন আগে এ অডিও রেকর্ড ফাঁস হয়েছে। আপনাদের সাবধান থাকতে হবে। দেশে জামায়াত, বিএনপি ক্ষমতায় আসলে দেশ বাঁচানো সম্ভব হবে না।
গতকাল রবিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তায় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিজয় র্যালী উপলক্ষে জনসভায় এসব কথা বলেন।
তিনি নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন, জাতীয় সংসদ হলো আইন পাশ করার জায়গা। জাতীয় সংসদ সদস্য হতে হলে যোগ্যতার প্রয়োজন। ভালো করে বাংলা ইংরেজি জানতে হয়। এ আসনের বিএনপি প্রার্থীর সেই যোগ্যতা নেই।
স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল কায়সারের উদ্দেশে তিনি বলেন, দল মহাজোটকে এ আসন ছাড় দিয়েছেন। আমি আশা করি, কায়সার ১৮ তারিখের পর এক মঞ্চে লাঙ্গলের পক্ষে ভোট চাইবেন। দলের স্বার্থ পরিপন্থী কাজ করবেন না। যারা দলের স্বার্থ পরিপন্থী কাজ করবেন তাদের ছাড় দেওয়া হবে না।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য ও মহাজোটের মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভেকেট হোসনে আরা বাবলী, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, চন্দন শীল প্রমুখ।
