ঐক্যফ্রন্ট অন্ধকার পথে ক্ষমতায় যেতে চায়: বাবলা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:২৫

ঢাকা-৪ আসনে মহাজোটের একক প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির (জাপা) সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, তথাকথিত ঐক্যফ্রন্ট ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া। তারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না জেনে অন্ধকার পথে ক্ষমতায় যেতে চায়। গতকাল রবিবার বিকালে নিজ নির্বাচনী আসনের কদমতলী এলাকায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,  স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, মহিলা লীগ ও জাপা নেতাদের নিয়ে নির্বাচনী প্রচার মিছিল শেষে মুন্সীবাড়ী এলাকায় এক পথসভায় তিনি একথা বলেন।

গতকাল বাবলার পক্ষে দিনভর নির্বাচনী প্রচারণা চালিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন। সকালে শ্যামপুর বালুর মাঠ থেকে প্রচারণা শুরু করেন বাবলা।  দুপুরে তিনি ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সেখানে সংসদ সদস্য সানজিদা খানম, ইব্রাহিম মোল্লা ও কাউসার আহমেদও বক্তব্য রাখেন। বিকাল তিনটার দিকে আলমবাগে এক পথসভায় বক্তব্য রাখেন বাবলা পত্নী সালমা হোসেন।