দেশ ছাড়তে লুটেরারা ভিসা টিকিট করে রেখেছে : রিজভী

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:২৬

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, লুটপাটকারী আওয়ামী লীগের কিছু নেতা ইতোমধ্যে দেশ ছেড়েছেন, তারা আর দেশে ফিরছে না। অনেকে ভিসা-টিকিট লাগিয়ে রেখেছে। জানুয়ারি পর্যন্ত সমস্ত এয়ারলাইন্সের টিকিট বুক হয়ে গেছে। খোঁজ নিয়ে দেখুন— এরা কারা, এরা দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে কিনা খোঁজ নিন। জনগণের টাকা আত্মসাত্কারীরা এখন দিশেহারা হয়ে পড়েছে নির্বাচনের পরে কী হয়, এই আতঙ্কে। গতকাল রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

রিজভী বলেন, গত দশ বছরে আওয়ামী লীগের লোকেরা যত লুটপাট করেছে সেটির সমস্ত অর্থ বিদেশে পাচার করে দিয়েছে। আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতারাও এখন কোটি কোটি টাকার মালিক। জনগণের কাছে লুটপাটের পাই টু পাই হিসাব রয়েছে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধারাবাহিক হামলা চালাচ্ছে। দেশকে সহিংসতার দিকে ঠেলে দিয়ে নির্বাচনী মাঠে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। তারা জেনে গেছে সামান্যতম সুষ্ঠু ভোট হলেও তাদের ভরাডুবি হবে, ধানের শীষের বিপুল বিজয় হবে। তাই দেশজুড়ে এত সহিংসতা ও রক্তাক্ত পরিবেশ তৈরি করেছে আওয়ামী শাসকগোষ্ঠী। নির্বাচনের শুরুতে তারা বিএনপিকে নির্বাচন  থেকে সরাতে চেষ্টা করেছে।