রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় বাংলাভিশনের গাড়ি চালক নিহত

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২১:৪২

রাজধানীর যাত্রাবাড়ী মাদ্রাসা রোডের সাদ্দাম মার্কেট এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল্লাহ আল মামুন (৪৫) নামের বেসরকারি টিভি চ্যালেন বাংলাভিশন টেলিভিশনের এক গাড়ি চালক নিহত হয়েছেন।

 

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টায় মৃত ঘোষণা করেন।

 

মামুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সিয়াম আলী জানান, তারা কয়েকজন সহপাঠী সাইনবোর্ডের গিরিধারা এলাকায় কোচিং শেষ করে মাতুয়াইলের বাসায় যাচ্ছিলেন। ওই সময় তারা দেখতে পান, মামুন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে মামুন ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

বাংলাভিশনের স্টাফ রিপোর্টার এস এম ফয়েজ জানান, নাইট ডিউটি করে সকালে অফিস থেকে বের হন মামুন। সন্ধ্যায়  কোনো একটি কাজ শেষ করে বাসায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

আরো পড়ুন : বাংলাদেশের জলসীমা থেকে মিয়ানমারের ১৬ জেলে আটক

জানা গেছে, মামুন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শিবলাই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় থাকতেন। ৩ সন্তানের জনক মামুন চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাভিশনে গাড়ি চালক হিসেবে যোগ দেন। এর আগে দেশ টিভি ও আর টিভিতেও গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন।

 

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

ইত্তেফাক/ইউবি