বাজলো বিয়ের বাজনা!

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:৪৫

মাত্র দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মাঝেই চলচ্চিত্র পাড়ায় বেশ প্রশংসা কুঁড়িয়েছেন সিয়াম আহমেদ। গতকাল সন্ধ্যায় দর্শকপ্রিয় এই অভিনেতা বিয়ে করেছেন শাম্মা রুশাফি অবন্তী নামের এক তরুণীকে। অবন্তির সাথে দীর্ঘ ৭ বছর প্রেমের সম্পর্ক ছিল সিয়ামের।

রাজধানীর একটি রেস্তোরাঁয় গতকাল সন্ধ্যায় সিয়াম-অবন্তীর বিয়ের আনুষ্ঠানিকতা হয়। এখানে শুধু দুই পরিবারের খুব কাছের মানুষেরাই উপস্থিত ছিলেন। এর আগে ১৪ ডিসেম্বর দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অবন্তীর রাজারবাগের বাসায় ঘরোয়াভাবে গায়ে হলুদের প্রথম পর্ব সম্পন্ন হয়। এরপর ১৫ ডিসেম্বর রাতে সিয়ামের রাজারবাগের বাসায় আরেক দফা গায়ে হলুদ হয়। সিয়াম বলেন, ‘আমাদের দুই পরিবার চেয়েছে নিজেদের মতো করে আয়োজনটি করতে। হুট করেই সিদ্ধান্ত। তাই সহকর্মীদের কাউকে বিয়েতে দাওয়াত দিতে পারিনি। তবে আগামীবছর সবাইকে নিয়ে একটি অনুষ্ঠানের পরিকল্পনা আছে।’