লন্ডনে ৫ জনকে ছুরিকাঘাত করার পর পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে। গতকাল শুক্রবার লন্ডন ব্রিজে এই হামলার ঘটনা ঘটে। এটা সন্ত্রাসবাদী হামলা বলে পুলিশ জানিয়েছে। ২০১৭ সালের জুনে একই স্থানে ছুরি হামলায় ৮ জন নিহত হয়েছিলেন। প্রধানমন্ত্রী বরিস জনসন দ্রুত ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। খবর ডেইলি মেইল ও বিবিসির
ব্রিটেনের পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের প্রধান নেইল বাসু বলেন, ‘একজন পুরুষ সন্দেহভাজন সশস্ত্র পুলিশ কর্মকর্তাদের গুলিতে নিহত হয়েছে। এর আগে কয়েকজনকে ওই ব্যক্তি ছুরিকাঘাত করে বলে ধারণা করা হচ্ছে’। তিনি বলেন, হামলাকারীর শরীরে নকল বোমা বাঁধা ছিল যার মধ্যে বিস্ফোরক থাকার কথা বলে মানুষকে ভয় দেখিয়েছিল সে।
টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ব্রিজের এক পাশে কয়েকজন ব্যক্তি একজনের সঙ্গে ধস্তাধস্তি করছেন। তাদের মধ্যে একজনের কাছে ছুরি ছিল। এরপর পুলিশ এসে তাদের মধ্যকার একজনকে আলাদা স্থানে নিয়ে আসে এবং গুলির শব্দ শোনা যায়। ভিডিওর দৃশ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি। দুপুর দুইটার কিছু আগে পুলিশ হামলার খবর জানতে পারে। এরপর দুই পাশে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ওই এলাকার সব মানুষকে সরিয়ে দেওয়া হয়। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এটা সন্ত্রাসী হামলা। কয়েকজন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ব্রিটেনের পরিবহন পুলিশ জানিয়েছে, হামলার পর সমস্ত ট্রেন ওই ব্রিজে থামা বন্ধ করে দেয়। লন্ডনের মেয়র সাদিক খান সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি নেতিবাচক তথ্য প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন।
