প্রথম ছবিতে সারা আলী খানের অভিনয়ে মুগ্ধ সিনেমাপ্রেমীরা। মাত্র ৭ দিনে সারা-সুশান্তের ‘কেদারনাথ’ ছবিটি ৪৫ কোটি টাকার ব্যবসা করেছে। যা রজনীকান্ত-অক্ষয় কুমারের বিগ বাজেট সিনেমা ২.০-এর বক্স অফিস কালেকশনের থেকেও বেশি। ২.০ গত সপ্তাহে ব্যবসা করেছে ৩৯ কোটি টাকা। তাছাড়া সাইফ-অমৃতা কন্যা সারার পরবর্তী ছবি ‘সিম্বা’ এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে তাকে। ছবিটির প্রচারেই এখন ব্যস্ত নবাব কন্যা।
এর মাঝে সারার কাছে আরো বেশ কয়েকটি সিনেমার অফার এসেছে। যার মধ্যে একটি বাগি থ্রি। প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা সাইফ কন্যাকে টাইগার শ্রফের সাথে জুটি বাঁধতে আগ্রহী। এর আগের দুটি ছবিতে টাইগারের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল শ্রদ্ধা কাপুর ও দিশা পাটানিকে। যদিও বিষয়টি এখনো আলোচনার স্তরেই আছে।
সারার অসাধারণ অভিনয়, সাফল্য ও অগ্রগতি দেখে ভীষণ উচ্ছ্বসিত সাইফ আলী খান। তিনি বলেন, ‘সারার অভিনয় অসাধারণ, আমি ভীষণ খুশি, ভীষণ। অভিনয় তার পছন্দ ছিল। সে এটাকেই বেছে নিয়েছে এবং করেও দেখিয়েছেন। অভিনেত্রী হিসেবে প্রত্যেকটা শটে সারা ভীষণ ভালো অভিব্যক্তি দিয়েছে। আমি সারার একটা উজ্জ্বল ভবিষ্যত্ দেখতে পাচ্ছি।’
সারাকে নিয়ে শর্মিলা ঠাকুর বলেন, ‘আমি সারার কেদারনাথে অভিনয় দেখে ভীষণ খুশি। ওর আত্মবিশ্বাস আমায় অবাক করেছে। প্রতিটি সাক্ষাত্কারে ওর কথাবার্তায় আমি ভীষণ খুশি হয়েছি।’
