মানুষের ভালোবাসা মুকুটের চেয়ে কম মূল্যবান নয়

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:৪৭

মিস ওয়ার্ল্ডের ফাইনালে অংশগ্রহণ শেষে সোমবার রাতে দেশে ফিরেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। ফাইনালে ওঠাসহ মিস ওয়ার্ল্ডের বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি বিএফডিসিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ।

অনুষ্ঠানে ঐশী বলেন, ‘আমি গ্রুমিং করতে পারিনি। গ্রুমিংটি ঠিকভাবে করতে পারলে হয়তো আরো ভালো করতে পারতাম। আসলে হঠাত্ করেই আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। আর এ ধরনের প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে যেতে একজন প্রতিযোগীর ভেতরে ও বাইরে উভয় দিকেই স্বাভাবিক সৌন্দর্য থাকতে হয়।’ ঐশী আরো বলেন, ‘মিস ওয়ার্ল্ডের মুকুট অনেক মূল্যবান। সেটা আমি পাইনি। কিন্তু মানুষের ভালোবাসা, দোয়া আমার কাছে ওই মুকুটের চেয়ে কম মূল্যবান নয়। মুকুট পাইনি তাতে কী, মানুষ আমাকে ভোট করেছে, দোয়া করেছে, ভালোবাসা দিয়েছে এটা ভেবে খারাপ লাগা কাজ করছিল না। যে প্রশংসা আমি পেয়েছি, মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ আমাকে যে সম্মান দিয়েছে সেটা আমার কাছে অনেক বড় অর্জন।’