বাংলাদেশে বিদেশি বিনিয়োগের বড়ো সম্ভাবনা রয়েছে :সাফা প্রেসিডেন্ট

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২১:৪৯

ইন্ডিয়া, চায়নার মতো বাংলাদেশ একটি প্রতিশ্রুতিশীল অর্থনীতি। যার অভ্যন্তরীণ বাজার অনেক বড়, তুলনামূলক সস্তা শ্রম, উপযোগী সমৃদ্ধ বন্দর, দীর্ঘমেয়াদি কর রেয়াত, অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের বিভিন্ন সুবিধা, একশোর অধিক অর্থনৈতিক অঞ্চল গঠন এবং আঞ্চলিক বাজারগুলোতে সহজ প্রবেশাধিকারসহ বাংলাদেশ বিনিয়োগের একটি উপযুক্ত স্থান। এখানে বিদেশি বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে।

গতকাল রবিবার আইসিএবি কর্তৃক আয়োজিত ‘বিদেশি বিনিয়োগ ও করপোরেট সুশাসন’ শীর্ষক সংবাদ সম্মেলনে দক্ষিণ এশীয় অঞ্চলের হিসাববিদদের সংগঠন সাফার প্রেসিডেন্ট জগণ মোহন রাও বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ নিয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বে বড়ো বড়ো প্রকল্পে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ আছে। দেশের মোট রপ্তানির ৮০ শতাংশ আয় আসে তৈরি পোশাক থেকে। তৈরি পোশাকের পাশাপাশি সরকারকে রপ্তানি বহুমুখীকরণের তাগিদ দেন সাফার এই প্রেসিডেন্ট।

আইসিএবির প্রেসিডেন্ট এ এফ নেছারউদ্দিন বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার বিভিন্ন প্রণোদনা প্রদান করছে যেমন—মুনাফা ও মূলধন ফিরিয়ে নেওয়ার সুযোগ। তা ছাড়া বাংলাদেশে উপযুক্ত শ্রমবাজার পাওয়ায় সুযোগ আছে। দেশ এখন বড়ো ধরনের প্রযুক্তিভিত্তিক শিল্প স্থাপনের জন্য প্রস্তুত। তাই বাংলাদেশে এখনই  বিনিয়োগের উপযুক্ত সময়। আইসিএবির প্রেসিডেন্ট বলেন, ব্যবসা সহজীকরণ সূচকে বাংলাদেশ গত বছরের তুলনায় কয়েক ধাপ এগিয়ে। তাই এখানে শিল্প ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের সুযোগ আছে। তিনি বলেন, আমরা উদ্যোক্তাদের গুণগত ভালো সেবা প্রদানে কাজ করে যাচ্ছি। সামগ্রিক ব্যবসা পরিবেশ উন্নয়নে, করপোরেট সুশাসনে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টগন দক্ষতা ও মেধা দিয়ে সরকারকে সহযোগিতা করে আসছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন আইসিএবির পর্ষদ সদস্য মো. হুমায়ুন কবির এফসিএ ও ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা থেকে আগত বিদেশি প্রতিনিধিবৃন্দ। সাফার বিভিন্ন কমিটি সভা বিশেষ করে সাফা আন্তর্জাতিক সম্মেলন ঢাকাতে অনুষ্ঠিত হওয়ার পর  আইসিএবি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।