রাজপ্রাসাদে চুরি করলেন বিখ্যাত গায়িকা!

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২২:০৭

নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে চুরি রাজপ্রাসাদে। সর্বসমক্ষে সে কথা স্বীকার করলেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংগীত তারকা ক্যামিলা কাবেলো। সেই সঙ্গে জানিয়েও দিলেন, চুরি করা জিনিস নিজের কাছেই গচ্ছিত রেখেছেন। ফেরত দেওয়ার কোনো ইচ্ছাই নেই তার।

বিশ্বের বিভিন্ন প্রান্তের অল্পবয়সী প্রতিভাদের নিয়ে সম্প্রতি বিশেষ অনুষ্ঠান ছিল ব্রিটেনের কেনসিংটন প্যালেসে। সেখানে সবার সঙ্গে আলাপ করেন প্রিন্স উইলিয়াম এবং তার স্ত্রী কেট। সেই অনুষ্ঠানেই ক্যামিলা এমন কাণ্ড ঘটিয়েছেন বলে সম্প্রতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন। ক্যামিলা জানিয়েছেন, বিবিসি রেডিও ওয়ানের সঞ্চালক গ্রেগ জেমসও কেনসিংটন প্যালেসের ওই অনুষ্ঠানে গিয়েছিলেন। রাজপ্রাসাদ থেকে কিছু চুরি করতে গ্রেগই তাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, যা করে দেখান তিনি।

ক্যামিলা জানান, কেট ও উইলিয়ামের সঙ্গে আলাপের ঠিক আগে তাকে রাজপ্রাসাদ থেকে কিছু চুরি করে দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দেন গ্রেগ। আগ-পিছু না ভেবে তিনিও একটি পেনসিল তুলে নেন। কিন্তু পর ক্ষণেই প্রাসাদের এক নিরাপত্তা রক্ষীকে বিষয়টি জানিয়ে দেন গ্রেগ। প্রথমে তাতে হকচকিয়ে গেলেও মায়ের ব্যাগে পেনসিলটি ঢুকিয়ে দেন ক্যামিলা। বারবার পেনসিল ফিরিয়ে দিতে বললেও, মায়ের কথা শোনেননি তিনি। চুরি করা পেনসিলটি আজও নিজের কাছে রেখে দিয়েছেন তিনি। ক্যামিলার এই স্বীকারোক্তি নিয়ে সরাসরি এখনো কোনো মন্তব্য করেননি কেট ও উইলিয়াম। তবে কেনসিংটন প্যালেস নামে তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে বিষয়টি নিয়ে টুইট করা হয়। তাতে কড়া কথা শোনানোর বদলে একটি ইমোজি পোস্ট করা হয়, যার অর্থ দাঁড়ায় ডিউক এবং ডাচেস অব কেমব্রিজ বিষয়টি ভালোই উপভোগ করছেন।