অবস্থান নিয়ে চিন্তিত নয় ম্যানইউ!

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২১:১৯

স্পোর্টস ডেস্ক

অ্যাস্টন ভিলার বিপক্ষে এগিয়ে গিয়েও ২-২ গোলের ড্র নিয়ে পয়েন্ট তালিকার নবম স্থানে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবুও দলটির কোচ ওলে গুনার সোলসার জানালেন এখনই অবস্থান নিয়ে চিন্তিত নয় তার দল।

ইউনাইটেডের সোনালী দিনগুলো গত হয়েছে বহু আগে। তবুও ওল্ড ট্র্যাফোর্ড প্রিমিয়ার লিগের কিছু দলের জন্যে হয়ে রয়েছিল দুর্ভেদ্য দুর্গই। অ্যাস্টন ভিলা সেই দলগুলোর একটি যারা শেষ দশ বছরে একবারও পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ছাড়তে পারেনি। রবিবার রাতে শুরুতেই সে দম্ভ চূর্ণ করার হুঙ্কার ছেড়ে বসেছিল সফরকারী দলটি। ১১ মিনিটে জ্যাক গ্রেলিসের গোলটির পর অবশ্য ৪২ মিনিটে হিটনের আত্মঘাতী গোল সমতায় ফেরায় ইউনাইটেডকে। ৬৪ মিনিটে ভিক্টর লিয়েন্ডলফের গোলে এগিয়েই গিয়েছিল সোলসারের শিষ্যরা। এর মিনিট দুয়েক পরই টাইরন মিঙসের গোলে সমতা ফেরায় সফরকারীরা।

বাকি সময়ে আর গোলের দেখা পাননি মার্শিয়াল, রাশফোর্ড, লিংগার্ডরা। ফলে দশ বছর পর ইউনাইটেডের মাঠ থেকে পয়েন্ট নিতে সক্ষম হয় অ্যাস্টন ভিলা। এই ড্রয়ের ফলে ১৪ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে নেমে গেছে ইউনাইটেড। প্রিমিয়ার লিগ যুগে ১৪ ম্যাচ শেষে এরচেয়ে কম পয়েন্ট কখনোই অর্জন করেনি রেড ডেভিলরা। গেলো মৌসুমে ১৭ ম্যাচ পর যখন পদচ্যুত হয়েছিলেন সাবেক কোচ মরিনহো তখন দলের সংগ্রহ ছিল ২৭ পয়েন্ট। পরের তিনটি ম্যাচে জিতলে তবেই কেবল তার সমান পয়েন্ট জিতবে ইউনাইটেড।

তবে দলের এমন পারফর্মেন্সেও চিন্তিত নন, জানালেন ম্যানইউ কোচ। বললেন, ‘যদি একটা বাড়তি গোল পেয়ে যেতাম তবে এখানে বসে এখন এমন কথা বলতে হতো না। আর তাই পয়েন্ট তালিকা নিয়ে এই মুহূর্তে ভাবনার কিছু নেই কারণ এটা বেশ আঁটসাঁট।’

চলতি মৌসুমে এ নিয়ে ছয় ম্যাচে এগিয়ে গিয়েও তিন পয়েন্ট নিতে ব্যর্থ হলো দলটি। এর মধ্যে শিরোপার দৌড়ে এগিয়ে থাকা লিভারপুল আর আর্সেনালের বিপক্ষে দুটো ম্যাচেও এমন পরিণতির শিকার হয়েছে তারা।

এ নিয়ে কিছুটা হতাশাও ঝরে পড়ল সোলসারের কণ্ঠে, ‘এখন পর্যন্ত অনেক ম্যাচে আমরা এগিয়ে গিয়েছিলাম এবং সে ম্যাচগুলোয় জিততে পারিনি আমরা। ছয়-সাত ম্যাচে এমন হয়েছে যে আমরা ১-০, ২-১ কিংবা ৩-২ ব্যবধানে এগিয়ে গিয়েছি কিন্তু সেটাকে জয়ে রূপ দিতে পারিনি যেমনটা গেল সপ্তাহে হয়েছে। সে ম্যাচগুলোয় জয় পেয়ে গেলে দৃশ্যটা অন্যরকমও হতে পারতো আমাদের জন্যে।’ এ ব্যাপারে উন্নতি করাই দলটির আপাতত লক্ষ্য, জানালেন সোলসার। নরওয়েজিয়ান কোচের ভাষ্য, ‘আমার কেবল এটা নিশ্চিত করতে হবে যে আমরা যেনো পারফর্ম করে যাই এবং টানা তিন-চার ম্যাচে সেটা করে দেখাতে পারি।’

দিনের অন্য ম্যাচে আর্সেনালও ২-২ গোলেই ড্র করেছে নরউইচ সিটির বিপক্ষে। ১৪ ম্যাচ খেলে ইউনাইটেডের চেয়ে এক পয়েন্ট বেশি জিতেছে দলটি। ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে আছে গানাররা।