সংসদে দাঁড়িয়ে বান্ধবীকে বিয়ের প্রস্তাব ভাইরাল হয়ে গেল ভিডিও

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২১:৫২

সংসদে চলছিল ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি ও পুনর্নিমাণ নিয়ে আলোচনা। সেই আলোচনায় বক্তব্য রাখতে রাখতেই এক এমপি বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। এ সংক্রান্ত একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে ইতালির সংসদে। গত সপ্তাহে সেখানে আলোচনা চলছিল ২০১৬ সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সংস্কার কাজ করা হবে। এ নিয়ে যখন অনেকেই গুরুগম্ভীর আলোচনায় ব্যস্ত ঠিক তখনই এক সংসদ সদস্য বক্তব্য রাখতে দাঁড়িয়ে যান। তেত্রিশ বছর বয়সি ফ্ল্যাভিও দি মুরো বলেন,‘প্রতিদিন আমরা রাজনৈতিক আলোচনা, বিতর্কে ব্যস্ত থাকি। আমরা প্রায়ই সত্যিকারের মূল্যবোধ, যারা আমাদের যত্ন নেন, আমরা যাদের ভালোবাসি তাদের উপেক্ষা করি।’ এরপরই তিনি তার ‘আসল’ বক্তব্যে আসেন। তিনি বলেন, ‘এটা আমার কাছে একটা বিশেষ দিন। এলিসা, তুমি কি আমাকে বিয়ে করবে?’

ফ্ল্যাভিওর বান্ধবী এলিসা দে লিও তখন সংসদের পাবলিক গ্যালারিতে বসেছিলেন। ফ্ল্যাভিও পকেট থেকে একটি আংটি বের করে সবার সামনে এলিসাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। তার এই কাজে সংসদের সদস্যরা বেশ মজা পান। তারা সবাই ফ্ল্যাভিওকে অভিনন্দনও জানান। এমন কি সংসদের স্পিকারও তাকে অভিনন্দন জানান।—আনন্দবাজার পত্রিকা

 

 

বান্ধবীর সঙ্গে ইতালির এমপি ফ্ল্যাভিও