গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ শহরের দুটি পাকা সড়ক হঠাত্ দেবে খাদ্যগুদাম ও বাড়িঘর হুমকির মুখে পড়েছে। গোপালগঞ্জ সদর খাদ্যগুদামের সামনের সড়ক ও মরা মধুমতী নদীপাড়ের মিয়াবাড়ি সড়ক দেবে এ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রতিদিনই সড়ক দুটি একটু একটু করে দেবে মারাত্মক খাদের সৃষ্টি হচ্ছে। এতে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
গোপালগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল আমিন জানিয়েছেন, কিছুদিন আগে শহরের মরা মধুমতি নদী খনন করা হয়। এছাড়া মিনি ড্রেজার দিয়ে ঐ নদীর মিয়াবাড়ির সামনে থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়েছে। এর ফলে আশপাশের রাস্তা ও বাড়ির নিচের স্তরের বালু সরে গিয়ে তিন দিন আগে মিয়াবাড়ির সামনের পাকা রাস্তাটি দেবে গেছে। ঐ সড়কের আশপাশ এলাকায় আরো দুই-এক জায়গায় দেবে যাওয়ার আশঙ্কা রয়েছে। বেশ কিছু বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।
গোপালগঞ্জ সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বরকত জানান, ১৬ দিন আগে থেকে সড়কটির শোল্ডার দেবে যাচ্ছে। এখন এটি মারাত্মক আকার ধারণ করেছে। ঐ সড়কে নোটিশ টানিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অচিরেই সড়কটি সংস্কার করা না হলে গোপালগঞ্জ খাদ্যগুদামের খাদ্য পরিবহন বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি ৩ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন সদর খাদ্যগুদামের পাঁচটি ভবন হুমকির মুখে পড়েছে।
মিয়াবাড়ি এলাকার বাসিন্দা শাহানাজ বেগম জানান, বসতঘরের পাশেই সড়ক দেবে গেছে। তাই আতঙ্কে রাতে ঘুমাতে পারি না। দিন যাচ্ছে আর রাস্তা আরো বেশি গভীরে দেবে যাচ্ছে। শহরের ব্যাংকপাড়ার বাসিন্দা প্রশান্ত বিশ্বাস জানান, প্রতিদিনই খাদ্যগুদামের সামনের সড়ক দেবে মারাত্মক খাদের সৃষ্টি হয়েছে। এতে এ সড়ক দিয়ে যাতায়াত করতে ভয় লাগে। সরকারি খাদ্যগুদাম রক্ষা ও সড়ক চালু রাখতে আমরা দ্রুত সড়কের সংস্কার চাই।
গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিত্ বৈদ্য বলেন, গোপালগঞ্জ সদর খাদ্যগুদামের সামনের সড়কের সোল্ডারে ভারী ট্রাক রেখে পণ্য লোড-আনলোড করা হয়। এ চাপে খাদ্যগুদামের শোল্ডার দেবে যেতে পারে। এছাড়া খাদ্যগুদামের পাশে নির্মাণাধীন পৌর সুপার মার্কেটের পাইলিং কাজ করায় ভাইব্রেশনে ভূগর্ভস্থ বালু সরে গিয়ে সড়কটির শোল্ডার দেবে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া মিয়াবাড়ির সামনের সড়কটি নির্মাণ ত্রুটির কারণে দেবে গেছে বলে মনে হচ্ছে। এখানে মরা মধুমতিতে কোনো খাদ বা ভাঙনের সৃষ্টি হয়নি। একটি খাল ও অন্যটি মরা মধুমতি নদী পাড়ের ঘটনা। খাদ্যগুদামের সড়ক রক্ষায় ইতিমধ্যে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করেছি। মিয়াবাড়ির সড়ক রক্ষার ব্যাপারে পৌরসভাকে আমরা সাপোর্ট দেব।
