পতঙ্গ

মৌমাছি মৌমাছি...

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২০:১১

 

মৌমাছি ফুল থেকে মধু আহরণ করে এবং সেই মধু আবার সংগ্রহ করি মৌচাক থেকে—এই সহজ সত্যটা আমরা সবাই জানি। তবে চাষাবাদের জন্য মৌমাছি অপরিহার্য—কথাটা অনেকে জানলেও হয়তো বেশিরভাগই জানেন না যে, মৌমাছিরা এক শ’টি ফসলের মধ্যে ৭০টিরও বেশি ফসলের পরাগায়ণ ঘটিয়ে থাকে। সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো, এই পরাগায়ণের ফলে যে পরিমাণ ফসল উত্পন্ন হয় তা সমগ্র বিশ্বের ৯০ শতাংশ খাবারের যোগান দেয়। কিন্তু এই মৌমাছি পৃথিবী থেকে আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে এবং বিলুপ্ত হয়ে যাচ্ছে। মৌমাছির এই হ্রাস পাওয়ার জন্য বিশেষজ্ঞরাও ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

জাতিসংঘ পরিবেশ কর্মসূচি বা ইউনেপ-এর মতে, মৌমাছি কমে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। বিশেষ করে মানুষের আচরণের কারণে ফুলগাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যা বন্য মৌমাছিদের প্রধান খাবার। ফুলগাছগুলো নষ্ট হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই মৌমাছির সংখ্যা হ্রাস পাওয়ার মতো সমস্যা সৃষ্টি হচ্ছে। তাছাড়া বায়ুদূষণের ফলেও মৌমাছিরা ঘ্রাণ বুঝে ফুল শনাক্ত করতে না পারায় ফুলে ফুলে বিচরণও করতে পারছে না। ইউনিপের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক বছরের মধ্যেই পৃথিবী থেকে আরো প্রায় ২০ হাজার ফুলগাছ বিলুপ্ত হয়ে যাবে।

বিশেষজ্ঞমহল মনে করেন, আমাদের জীবন যাপনের জন্য এবং বেঁচে থাকার জন্য অপরিহার্য এসব খুদে পতঙ্গের অস্তিত্ব রক্ষা করতে অবশ্যই এখন থেকে জোরালো পদক্ষেপ গ্রহণ করা উচিত। আর উপকারী এবং অপরিহার্য এই মৌমাছি যাতে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে না যায় তার ব্যবস্থা গ্রহণের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে।