রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের পক্ষে চীন কথা বলবে বলে জানিয়েছেন বাংলাদেশে সফররত চীনের ভাইস মিনিস্টার (শুল্ক ও সাধারণ প্রশাসন) ঝাং জিওয়েন।
গতকাল সোমবার সচিবালয়ে কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাত্কালে তিনি এ কথা বলেন। ঝাং জিওয়েন বলেন, বাংলাদেশের উন্নয়নের সকল ক্ষেত্রে চীন অংশীদার হতে আগ্রহী। চীন বাংলাদেশের প্রধান বিনিয়োগকারী দেশে পরিণত হবে। তিনি বাংলাদেশ থেকে রাইস ব্রান আমদানির আগ্রহের কথা জানান।
বৈঠকে কৃষিমন্ত্রী খাদ্য প্রক্রিয়াজাত ও রপ্তানিতে চীনের সহযোগিতা চান। বৈঠকে কৃষি সচিব মো. নাসিরুজ্জামান উপস্থিত ছিলেন। এরআগে কৃষিমন্ত্রীর সঙ্গে তার অফিস কক্ষে থাইল্যান্ডের রাষ্ট্রদূত অরুনরাং ফথং হাম্প্রে সাক্ষাত্ করেন।
