অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন আগামী সপ্তাহ থেকে :তথ্যমন্ত্রী

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:২৪

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার আগামী সপ্তাহ থেকে অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। যারা নিবন্ধন পাবে না, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়েক শত অনলাইন নিউজ পোর্টালের কাগজপত্র যাচাই বাছাই করে দেখেছে। সরকার সংশ্লিষ্ট কাগজপত্র পরীক্ষা করে দেখে আগামী সপ্তাহ থেকে অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন দেওয়া শুরু করবে। তথ্যমন্ত্রী গতকাল তার সচিবালয়ের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, নিবন্ধনের জন্য মোট ৩ হাজার ৫৯৫টি নিউজ পোর্টাল আবেদন করেছে। আবেদনকারীদের দেওয়া তথ্য ও কাগজপত্র যাচাই বাছাই করার জন্য সকল আবেদনপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। আমরা স্বরাষ্ট্র, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি এবং পরে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে এ সব আবেদনপত্রের সঙ্গে দেওয়া সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে দেখতে অনুরোধ জানাই। তথ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে যথাযথ প্রক্রিয়ার মাধমে অনলাইন মিডিয়া চালু করা হবে। নিবন্ধন ছাড়া কেউ অনলাইন নিউজ পোর্টাল চালাতে পারবে না। তিনি বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপ অনুযায়ী ইলেকট্রনিক মিডিয়া সেক্টরে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে। এই সেক্টরে কোনো প্রকার অনিয়ম দেখলে সরকার ব্যবস্থা নেবে। ড. হাছান বলেন, কয়েকটি টিভি চ্যানেল বিদেশি টিভি সিরিয়াল বাংলায় ডাবিং করে সম্প্রচার করছে। ডাবিংকৃত অনুষ্ঠান সম্প্রচারের জন্য সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হবে।

তথ্যমন্ত্রী হাছান বলেন, বিদেশি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ রয়েছে। পাশাপাশি ক্যাবল অপারেটররা বাংলাদেশি টিভি চ্যানেলের সিরিয়াল বজায় রেখেছে। তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের ভালোর জন্য আমরা এরই মধ্যে পদক্ষেপ নিয়েছি। এ সব পদক্ষেপের অধিকাংশই টিভি চ্যানেলগুলো মেনে চলছে। অপর এক প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার মোবাইল কোম্পানিগুলোকে লাইসেন্স দিয়েছে শুধু মোবাইল নেটওয়ার্ক পরিচালনার জন্য। অথচ তারা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য বিজ্ঞাপনের পাশাপাশি ভিডিও কনটেন্ট তৈরি করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

তথ্যমন্ত্রী ড. হাছান অপর এক প্রশ্নের জবাবে বলেন, খালেদা জিয়া একটি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এখন কারাগারে বন্দি আছেন। তাকে কেবল আদালত মুক্তি দিতে পারে।