রাষ্ট্রের বৃহত্তর স্বার্থেই পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন জরুরি ---------সন্তু লারমা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:২৫

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, রাষ্ট্রের বৃহত্তর স্বার্থেই পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন জরুরি। দ্রুততম সময়ের মধ্যে চুক্তির যথাযথ ও পূর্ণ বাস্তবায়নই পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক সমস্যাসমূহ সমাধানের যথাযথ পথ। ২২ বছর ধরে এ সমস্যার সমাধান না হওয়ায় পার্বত্যবাসী হতাশ ও ক্ষুব্ধ। এ সমস্যা জিইয়ে রেখে জুম্ম জনগণ তাদের দীর্ঘ দিনের আন্দোলন ও সংগ্রামকে বৃথা যেতে দিতে পারে না। তারা তাদের জাতীয় ও জন্মভূমির অস্তিত্ব সংরক্ষণে বদ্ধপরিকর।

গতকাল সোমবার পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২২ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সন্তু লারমা এসব কথা বলেন। ধানমন্ডির উইমেন্স ভলান্টারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলনায়তনে জাতীয় নাগরিক উদ্যোগ আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন হোক জাতীয় অঙ্গীকার’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্যের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান, নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল, অধ্যাপক জোবাইদা নাসরীন কণা, সাংবাদিক সোহরাব হাসান, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক রোবায়েত ফেরদৌস। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌরভ শিকদার।

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, পাহাড়ের মানুষদের প্রতি সরকারের উদাসীনতার জন্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় দায় এড়াতে পারে না।