মুলাদীতে বোমা ফাটিয়ে তিন স্বর্ণের দোকানে ডাকাতি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ২১:০৭

মুলাদী (বরিশাল) সংবাদদাতা

মুলাদীতে তিন স্বর্ণের দোকানসহ চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার রাতে মুলাদী বন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিহিত ২০/২৫ জন ডাকাত বোমা ফাটিয়ে ডাকাতি করে। ডাকাতরা বন্দরের পাহারাদারসহ ৮/১০ জনকে মারধর ও অস্ত্রেরমুখে জিম্মি করে রাখে।

মুলাদী বন্দরের জননী জুয়েলার্সের ম্যানেজার সাগর জানান, রাত ২টার দিকে পুলিশ, আনসার ব্যাটালিয়নের পোশাক ও মুখোশ পরিহিত ২০/২৫ জন ডাকাত জুয়েলার্সের তালা কেটে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার লুট করে এবং তাকে পার্শ্ববর্তী রহমত স্টোরে নিয়ে আটকে রাখে। পরে ডাকাতরা পাহারাদার ও বিভিন্ন বাসা থেকে বের হওয়া লোকজনদের আটকে রহমত স্টোরে নিয়ে আসে। ডাকাতরা রিতা জুয়েলার্স, বনশ্রী জুয়েলার্সে ডাকাতি করে। মুলাদী থানার টহল পুলিশ বন্দরে প্রবেশ করলে ডাকাতরা পুলিশ লক্ষ্য করে বোমা ছোড়ে। ঐ সময় পুলিশ পিছু হটলে তারা পালিয়ে যায়।  এ ব্যাপারে মুলাদী থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দীন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।