ভোটাধিকার একজন নাগরিকের স্বতঃস্ফূর্ত অধিকার। যে-ব্যক্তি যাকে যোগ্যতাসম্পন্ন বলে মনে করবে সে তাকেই ভোট প্রদান করবে। ভোট প্রদানের ক্ষেত্রে তারা নিজেদের ইচ্ছা অনুসারে ভোট দিবে। আসন্ন নির্বাচনকে ঘিরে তরুণদের মধ্যে অনেক জল্পনা-কল্পনা কাজ করছে।
এ নিয়ে তরুণ প্রজন্মের মধ্যেও অনেক আগ্রহ দেখা যাচ্ছে। তরুণ প্রজন্মও এখন নির্বাচনের ব্যাপারে অনেক সচেতন। গতানুগতিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তরুণদের অংশগ্রহণও কম গুরুত্বপূর্ণ নয়। যোগ্য প্রার্থীকে ভোট প্রদান করতে তরুণদের উদ্বুদ্ধ করতে হবে। তরুণ প্রজন্মই আগামীর দেশ পরিচালনার কর্ণধার। সেজন্য সঠিক প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অযোগ্য প্রার্থীর হাতে নেতৃত্ব গেলেই দেশ ধ্বংসের দিকে ধাবিত হবে। তাই এ ক্ষেত্রে তরুণদের ভূমিকাও অপরিসীম। চলতি বছরের ৩০ ডিসেম্বরের নির্বাচন হতে পারে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল। এমনটাই আশা করছে তরুণ প্রজন্ম। উক্ত নির্বাচনকে ঘিরে সারাদেশের পথেপ্রান্তরে বইছে আনন্দের হাওয়া। সারাদেশে বিরাজ করছে এক অন্য রকম পরিবেশ। এ যেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগাম বার্তা উঁকি দিচ্ছে দোরগোড়ায়। রাস্তা-ঘাটে নানা বর্ণের পোস্টার-পেপার,ব্যানার,লিফলেট এবং দেয়ালিকায় পরিপূর্ণ। নমিনেশন প্রাপ্ত প্রার্থীরা এখন নিজ নিজ প্রচারণায় ব্যস্ততম দিনযাপন করছেন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে তাদের ব্যস্ততাও যেন তত বাড়ছে। সর্বত্রই লোকের সমাগম। নিজ নিজ দলের কর্মীদের সঙ্গে চলছে আলাপচারিতা। গ্রামবাংলার চায়ের দোকানগুলোও সর্বদাই লোকে লোকারণ্য। বর্তমান বাংলাদেশকে আরো সমৃদ্ধ ও শক্তিশালী করতে যোগ্য নেতার ভূমিকা অনস্বীকার্য।
বর্তমান জনসংখ্যার এক তৃতীয়াংশ হচ্ছে তরুণ প্রজন্ম। এজন্য তরুণদেরও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা এবং যোগ্য নেতৃত্ব যাচাই-বাছাইকরণের অধিকার রয়েছে। তাইতো তরুণপ্রজন্ম আশা করছে- আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিসমাপ্তির মাধ্যমে উন্নয়নের দিকে আরো একধাপ এগিয়ে যাবে। তরুণরাও চায়- যোগ্য নেতার হাতে যেন নেতৃত্ব অব্যাহত থাকুক।
অন্যদিকে নির্বাচনের পরিবেশের ক্ষেত্রেও আনা হবে আধুনিকতার ছাপ। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে বর্তমান সরকার আগে থেকেই কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। ভোটকেন্দ্রেও থাকবে সি.সি ক্যামেরাসহ বিশেষ নিরাপদ ব্যবস্থা। ভোটপ্রদানকারী ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোট কেন্দ্রে অনুপ্রবেশ কিংবা গণ্ডগোল করলে তাদের জন্য থাকবে আইনি ব্যবস্থা। সুতরাং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যাতে উন্নয়নের শিখরে পৌঁছায় সেই আশা ব্যক্ত করছে তরুণ প্রজন্ম এবং দেশের সর্বস্তরের জনগণ। টিকে থাকুক যোগ্য নেতৃত্ব , দেশ গড়ে উঠুক সমৃদ্ধশালী হয়ে।
n লেখক :শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
