জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটির সঙ্গে অভিনেত্রী দীপা খন্দকার ও তাহমিনা সুলতানা মৌয়ের সম্পর্কটা পারিবারিক। তারা তিনজনই একে অন্যের পারিবারিক অনুষ্ঠানগুলোতে সব সময়ই অংশগ্রহণ করার চেষ্টা করেন। তবে এবারই প্রথম তারা একসঙ্গে একই নাটকে অভিনয় করেছেন। বাংলাদেশ টেলিভিশনে আগামী বিজয় দিবসে প্রচারের জন্য নিমির্ত বিজয় দিবসের বিশেষ নাটক ‘মেঘ ভাঙ্গা রোদ’-এ অভিনয় করেছেন। নাটকটির গল্প রচনা করেছেন ড. ইনামুল হক। এরইমধ্যে রাজধানীর উত্তরা, বিটিভিসহ বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়ণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে, ‘মেঘ ভাঙ্গা রোদ’ নাটকটির গল্প দর্শকের ভালো লাগবে। কারণ এই নাটকের গল্পটা একসঙ্গে মুক্তিযুদ্ধ ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে এগিয়েছে। ইনাম স্যারের গল্পে এর আগেও অভিনয় করেছি। তিনি অনেক যত্ন নিয়ে গল্প রচনা করেন। যে কারণে গল্পের ভেতরটা অনুভব করে আমরা আমাদের চরিত্রগুলো ফুটিয়ে তুলতে পেরেছি অনায়াসে। আর এই নাটকে একসঙ্গে আমরা তিনজন—আমি, দীপা ও মৌ অভিনয় করেছি। যে কারণে সময়টাও দারুণ উপভোগ করেছি।’ দীপা খন্দকার বলেন, ‘সুইটি আপু ও মৌয়ের সঙ্গে সব সময়ই আমার সময়টা দারুণ কাটে। একসঙ্গে আমরা একই নাটকের শুটিং করেছি বেশ ভালোলাগা নিয়ে। ইনাম স্যারের কাছে এর আগেও মুক্তিযুদ্ধের গল্প শুনেছি। এবার তার লেখা মুক্তিযুদ্ধের নাটকে অভিনয় করেছি। যে কারণে বেশ ভালো লেগেছে। সবচেয়ে বড়ো কথা, অনেক বড়ো একটি টিম কাজ করেছে এই নাটকটি নির্মাণের নেপথ্যে। যে কারণে কাজটি অনেক ভালো হয়েছে। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’ তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘গল্পের প্রয়োজনে আমাদের সবারই গেটআপে বেশ পরিবর্তন আনতে হয়েছে। গল্পে সময়ের পরিবর্তনটা তুলে ধরা হয়েছে চমত্কারভাবে। আমার দুজন প্রিয় মানুষ—সুইটি আপু ও দীপু আপুর সঙ্গে একই নাটকে অবশেষে কাজ করা হয়ে উঠল এবং একটি বিশেষ দিবসের নাটকে। এটা আমার কাছে প্রথম ভালোলাগা। আর ইনাম স্যারের গল্পে অভিনয় করেছি, এটাও আমার অনেক ভালোলাগার বিষয়। সত্যি বলতে কী, একটি চমত্কার ইউনিটে কাজ করেছি আমরা সবাই। যে কারণে কাজটিও অনেক ভালো হয়েছে।’ নাটকে আরো অভিনয় করেছেন এস এম মোহসীন, সমু চৌধুরী, আদনান ফারুক হিল্লোল, সাব্বির আহমেদসহ আরো অনেকেই। এদিকে তানভীন সুইটি অভিনীত আকরাম খান পরিচালিত ‘কালের যাত্রা’ ধারাবাহিকটি নিয়মিত প্রচারিত হচ্ছে বিটিভিতে। এছাড়া দীপা খন্দকার ও তাহমিনা সুলতানা মৌ বদরুল আনাম সৌদের ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ ধারাবাহিকে একসঙ্গে নিয়মিত অভিনয় করছেন। এই নাটকটিও বিটিভিতে প্রচারিত হচ্ছে নিয়মিত।
