বলিউডে নায়িকা হিসেবে অনন্যা পান্ডের অভিষেক এ বছরের প্রথম দিকে হলেও আরো আগে থেকেই তাকে ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছিল। তার বাবা চাঙ্কি পান্ডে, একসময়ে বলিউডে নায়ক ছিলেন। আজকাল কমেডি রোলে তাকে দেখা যায় বিভিন্ন সিনেমায়। অন্য অনেক বলিউড সেলিব্রিটির সন্তানদের মতো অনন্যার চলচ্চিত্রে অভিষেক স্বাভাবিকভাবে সবাইকে আগ্রহী করে তুলেছিল। বলিউড কিং শাহরুখ খানের কন্যা সুহানা খানের ঘনিষ্ঠ বান্ধবী হওয়ার কারণে মিডিয়াতে অনন্যার ছবি এবং তাকে নিয়ে খবরাখবর প্রায় সময় থাকত। অনন্যা নায়িকা হয়ে আসছেন হিন্দি সিনেমায়, এমন খবর চাউর হয়েছিল আরো আগেই। এরপর করণ জোহরের মতো একজন ডাকসাইটে প্রযোজকের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে তার আত্মপ্রকাশ ঘটল। শুরুতে সবাই অনন্যার ব্যাপারে যে ধরনের প্রত্যাশা করেছিল, তার অনেকটাই পূরণ করতে সক্ষম হয়েছেন ২১ বছর বয়সী এই সুন্দরী অভিনেত্রী। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর প্রথম সিনেমাটির মতো দ্বিতীয়টি বক্স অফিসে সফল না হলেও নতুন মুখের অভিনেত্রী হিসেবে অনন্যা পান্ডে দর্শকদের, বিশেষ করে তরুণ দর্শকদের মন জয় করে নিতে পেরেছেন। প্রথম অভিনীত ছবিতে তাকে সমবয়সী আরেক নবাগতা তন্বী অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে হয়েছিল। ব্যাপারটি অনন্যার জন্য কিছুটা অস্বস্তিকর ছিল বটে। তবে তুলনামূলকভাবে অনন্যার পাল্লা ভারী ছিল দর্শকদের আনুকূল্য লাভের ক্ষেত্রে। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ মুক্তির পর ইতিমধ্যে বেশ কিছু মাস পেরিয়েছে। এ সপ্তাহে আবার দর্শকদের সামনে আসছেন অনন্যা তার নতুন অভিনীত সিনেমা ‘পতি পত্নী ঔর ও’ ছবিটি নিয়ে। সত্তর দশকে নির্মিত একই নামের ত্রিভুজ প্রেমের গল্পের ছবিটি নতুন সময়ের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। এ ছবিতে নতুন প্রজন্মের অভিনেতা কার্তিক আরিয়ানের বিপরীতে দুজন নায়িকা রয়েছেন। তাদের একজন ভূমি পেডনেকার, অপরজন অনন্যা পান্ডে। এখানে কার্তিক আরিয়ন-ভূমি পেডনেকার স্বামী-স্ত্রীর ভূমিকায় রূপদান করেছেন। ঘরে সুন্দরী বউ রেখে কার্তিক আরেক সুন্দরী তরুণী অনন্যার সঙ্গে গভীর প্রণয়ে জড়িয়ে পড়েন। বউয়ের অগোচরে পরনারীর সঙ্গে পরকীয়ার গল্প নিয়ে আবর্তিত ‘পতি পত্নী ঔর ও’ ছবিতে অন্য নারীর ভূমিকায় অভিনয় করলেও এ ছবিতে অনন্যাকে কোনোভাবেই প্রতিনায়িকারূপে তুলে ধরা হয়নি। অনন্যা নিজেকে এ ছবির নায়িকা মনে করেন। প্রথম অভিনীত ছবির মতো দ্বিতীয় ছবিতেও দুই নায়িকার একজন হিসেবে দর্শকদের সামনে আসতে হচ্ছে—এ নিয়ে অনন্যার মনে কোনো দুঃখ কিংবা বঞ্চনার অনুভূতি নেই। ‘আমি সবেমাত্র ক্যারিয়ার শুরু করেছি। সব সময়ে একই ধরনের রোমান্টিক নায়িকার চরিত্রে অভিনয় করব, তা প্রত্যাশা করাটাও বোকামি। আমি বৈচিত্র্যপূর্ণ চরিত্রে নিজেকে তুলে ধরতে চাই আলিয়া ভাটের মতো। এভাবেই তো আমি অভিনেত্রী হিসেবে নিজের যোগ্যতা ও সক্ষমতা প্রমাণ করতে পারব,’ সাম্প্রতিক এক সাক্ষাত্কারে অনন্যা বলেন। মুম্বাইয়ের ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়ার পর লস অ্যাঞ্জেলসে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় গ্র্যাজুয়েশন করতে গিয়েছিলেন অনন্যা। এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়নি। ‘পতি পত্নী ঔর ও’ ছবিতে উচ্ছল এক তরুণীর ভূমিকায় কতটা বাজিমাত করবেন অনন্যা—এখন সেটাই হলো দেখার বিষয়।
