জুমানজির গার্ল

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৪

হলিউডের ফ্যান্টাসি-অ্যাডভেঞ্চার-কমেডি সিনেমার অঙ্গনে ‘জুমানজি’ ফ্রাঞ্চাইজির ছবিগুলো দুনিয়াজুড়ে দর্শকদের বারবার আলোড়িত ও চমকিত করেছে। এখন দর্শক এ ফ্রাঞ্চাইজির নতুন কোনো সিনেমার নাম শুনলেই নড়েচড়ে বসেন। ফ্যান্টাসি ও অ্যাডভেঞ্চারের অদ্ভুত মিশেলে নিত্যনতুন চমক নিয়ে আবির্ভূত হয় প্রতিটি সিনেমা। এ পর্যন্ত ‘জুমানজি’ ফ্রাঞ্চাইজির তিনটি সিনেমা এসেছে। এগুলো হলো ‘জুমানজি’ (১৯৯৫), ‘জুমানজি :ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘জাথুরা :অ্যা স্পেস অ্যাডভেঞ্চার’ (২০০৫)।

আগামী সপ্তাহে আসছে বিখ্যাত এই মুভির চতুর্থ সিক্যুয়াল ‘জুমানজি :দ্য নেক্সট লেভেল’। যেখানে হলিউডের এক ঝাঁক জনপ্রিয় তারকা অভিনেতা-অভিনেত্রীর জমজমাট সমাবেশ ঘটেছে। তারা হলেন ডোয়াইন জনসন, কারেন গিলান, কেভিন হার্ট, জ্যাক ব্ল্যাক, নিক জোনাস, মরগ্যান টার্নার, মেডিসন আইসম্যান প্রমুখ। মুক্তিপ্রতীক্ষিত বছরের অন্যতম আলোচিত এ ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন স্কটিশ অভিনেত্রী কারেন গিলান। এখানে তার অভিনীত চরিত্রের নাম মার্থা। এর আগে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুমানজি :ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে একই রোলে কারেন গিলানকে দেখা গিয়েছিল। মার্শাল আর্ট জানা একজন চৌকস কমান্ডো মার্থা চরিত্রে দুর্দান্ত সব অ্যাকশন চমক নিয়ে আসছেন কারেন গিলান। ৩২ বছর বয়সী এই স্কটিশ অভিনেত্রীকে দর্শক হলিউডের বেশ কয়েকটি সাড়া জাগানো ছবিতে দেখেছেন। গত কয়েক বছরে কারেন গিলানকে মারভেল সিরিজের ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’, ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি ভলিউম টু’, ‘অ্যাভেঞ্জারস ইনফিনিটি ওয়ার’, ‘অ্যাভেঞ্জারস এন্ড গেম’, ‘দ্য বিগ শর্ট’, ‘ইন দ্য ভ্যালি অব ভায়োলেন্স’, ‘দ্য সার্কেল’, ‘দ্য পার্টিস’, ‘জাস্ট বিগেনিং’, ‘অ্যালেক্স ইন দ্য লিস্ট অল দ্য ক্রিয়েচারস হিয়ার বিলো’ ও ‘স্ট্যাবার’ ছবিতে দেখা গেছে। মারভেল সিরিজের ছবিগুলোতে নেবুলা চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী কোটি কোটি সিনেমা দর্শকের কাছে পরিচিতি লাভ করেছেন কারেন। তিনি একজন চিত্রনির্মাতা হিসেবেও নিজেকে কৃতিত্বের সঙ্গে তুলে ধরতে সক্ষম হয়েছেন। ২০১৮ সালে মুক্তি পেয়েছে কারেন গিলান পরিচালিত ‘দ্য পার্টিস জাস্ট বিগেনিং’। স্কটল্যান্ডের ইনভারনেস শহরে তার জন্ম। ১৬ বছর বয়সে এডিনবার্গে চলে আসেন। সেখানকার টেলফড কলেজে অভিনয়ের ওপর পড়াশোনা শেষে ১৮ বছর বয়সে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন। লন্ডনে আসার প্রধান উদ্দেশ্য ছিল ইটালিয়া কন্টি একাডেমি অব থিয়েটার আর্টস অ্যান্ড স্কুলে পড়া। সেখানে পড়ার সময়ে বিভিন্ন মডেল অ্যাজেন্সির চোখে পড়ে যান। অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরুর আগে কারেন গিলান মডেলরূপে কাজ করেছেন বেশ কিছুদিন। তবে অভিনয়ের সঙ্গে যুক্ত হওয়ার পর এটাকে মনে প্রাণে গ্রহণ করেন এবং মডেলিং ছেড়ে দেন। ছোট পর্দায়ও তিনি উল্লেখ করার মতো কাজ করেছেন। বিবিসি ওয়ান চ্যানেলের ‘ডক্টর হু’ সিরিজে তাকে ২০১০ সাল থেকে ২০১৩ পর্যন্ত দেখা গেছে। এখানে অমি পন্ড চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে প্রিয়মুখে পরিণত হন। বর্তমানে বেশ অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কারেন। আগামী বছর তার অভিনীত ‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’ এবং ‘গান পাউডার মিল্ক শেক’ ছবি দুটিতে দেখা যাবে। ‘জুমানজি’ ফ্রাঞ্চাইজি এবং মারভেল কমিকস সিরিজের সিনেমাগুলো কারেনকে যে খ্যাতি ও পরিচিতি দিয়েছে তাকে পুঁজি করে হলিউডে নিজের অবস্থানকে অনেক শক্ত করেছেন তিনি। এভাবেই তিনি এগিয়ে থাকতে চান।