স্পোর্টস রিপোর্টার
ওয়েলিংটনে ইনিংস ব্যবধানে হারের দুয়ারে দাঁড়িয়ে আছে শ্রীলঙ্কা। ইনিংস হার এড়াতে ৭ উইকেট হাতে নিয়ে আরো ২৭৬ রান করতে হবে লঙ্কানদের।
ওপেনার টম লাথামের অপরাজিত ২৬৪ রানের সুবাদে ওয়েলিংটন টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৫৭৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে শ্রীলংকার সংগ্রহ ২৮২ রান। ফলে প্রথম ইনিংস থেকে ২৯৬ রানের লিড পায় নিউজিল্যান্ড। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ২০ রান করেছে শ্রীলঙ্কা। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দ্বিতীয় দিন শেষে লাথামের অপরাজিত ১২১ ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ৯১ রানের সুবাদে ৩ উইকেটে ৩১১ রান করেছিল নিউজিল্যান্ড। তৃতীয় দিন ৪০তম ম্যাচে টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল-সেঞ্চুরি পূর্ণ করেন ল্যাথাম। ডাবল-সেঞ্চুরি করেই থেমে যাননি তিনি। নিজের ইনিংসটা বড় করেছেন লাথাম। তাকে সঙ্গ দিয়েছেন হেনরি নিকোলস ও কলিন ডি গ্র্যান্ডহোম। নিকোলস ৫০ ও গ্র্যান্ডহোম ৪৯ রানে ফিরলেও ইনিংসের শেষ পর্যন্ত ২১টি চার ও একটি ছক্কায় ৪৮৯ বলে ২৬৪ রানে অপরাজিত থাকেন লাথাম। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ অবধি ব্যাট করে অপরাজিত ব্যাটসম্যানদের মধ্যে এখন এই টম ল্যাথামের ইনিংসটাই সেরা। দ্বিতীয় স্থানে আছেন সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালিস্টেয়ার কুক। তিনি ২০১৭ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসের পুরোটা সময় ব্যাট করে অপরাজিত ছিলেন ২৪৪ রানে। শ্রীলঙ্কার পক্ষে ডানহাতি পেসার লাহিরু কুমারা চারটি উইকেট নেন। ২৯৬ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেই মহাবিপদে পড়ে শ্রীলঙ্কা। স্কোর বোর্ডে ১৩ রান উঠতেই তিন উইকেট হারিয়ে বসে তারা। নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি দুটি ও টেন্ট্র বোল্ট একটি উইকেট নেন।
