চিতলমারী সেটেলমেন্ট অফিস

১৯ পদ, কর্মরত সাত!

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ২১:১৯

বাগেরহাটের চিতলমারী সেটেলমেন্ট অফিসে জনবল সংকটের কারণে দুর্ভোগে পড়েছেন সেবা প্রত্যাশিরা। উপজেলার সাত ইউনিয়ন থেকে আগত সেবা প্রত্যাশিরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমানে এ অফিসে মঞ্জুরিকৃত ১৯ পদের মধ্যে সাত জন লোক কর্মরত আছেন। প্রতিদিন এ অফিসে কয়েকশ লোক জমিজমা সংক্রান্ত বিভিন্ন কাজ নিয়ে এসে জনবল সংকটের কারণে দিনের পর দিন অপেক্ষা করেন।

জানা গেছে, সহকারী সেটেলমেন্ট অফিসার সাময়িক বরখাস্ত থাকায় এ পদে অন্য কর্মকর্তাকে দিয়ে অতিরিক্ত দায়িত্ব পালন করানো হচ্ছে। উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদের দুটি পদই শূন্য, ড্রাফটম্যান, পেশকার, রেকর্ড কিপারের একটি করে পদ দীর্ঘদিন শূন্য রয়েছে। এ ছাড়া সার্ভেয়ারের দুটি পদের মধ্যে একজন­­­­­­ থাকলেও, খারিজ সহকারী, কপিস্ট-কাম বেঞ্চ সহকারী, যাচ মোহরার, প্রসেস সার্ভার, চেইনম্যান পদেও কোনো জনবল কর্মরত নেই।

চিতলমারী সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার পরিমল কান্তি শিকদার জানান, প্রায় ২০০ সার্ভেয়ার ২৫-৩০ বছর একই পদে চাকরি করেও কোনো পদোন্নতি পাননি। তিনি আরো জানান, বর্তমানে চিতলমারী সেটেলমেন্ট অফিসে মোট ১৯টি পদের বিপরীতে মাত্র সাত জন কর্মরত আছেন। জনগুরুত্বপূর্ণ এ দপ্তরে চাহিদার তিন ভাগের এক ভাগ জনবল থাকায় সেবা প্রত্যাশিদের রেকর্ড হালনাগাদ, আপিল নিষ্পত্তি, আপত্তি নিষ্পত্তিসহ বিভিন্ন কাজে মাঝে-মধ্যে কিছুটা সমস্যা দেখা দেয়।

চিতলমারী সহকারী সেটেলমেন্ট অফিসার (অতিঃ দায়িত্ব) বিকাশ কুমার ঘোষ জানান, তিনি বর্তমানে পাঁচটি উপজেলার দায়িত্ব পালন করছেন। সেটেলমেন্ট অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন শূন্য থাকায় কাঙ্ক্ষিত সেবা প্রদানে তাদের বেগ পেতে হয়। তারপরও বিগত যে কোনো সময়ের থেকে বর্তমানে চিতলমারী সেটেলমেন্ট অফিসের সেবা বেশ ভালো বলে তিনি উল্লেখ করেন।