আফগানিস্তানের জালালাবাদ শহরে একটি জাপানি বেসামরিক সংস্থার (এনজিও) গাড়িতে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ছয় জন নিহত হয়েছে। বুধবারের এ হামলায় এনজিওটির প্রধান ড. টেটসু নাকামুরাও নিহত হয়েছেন বলে ঘটনাস্থল নানগারহার প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন।
হামলার পর বন্দুকধারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন নানগারহার প্রাদেশিক কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরি। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। আফগান তালেবান এ বন্দুক হামলার সঙ্গে জড়িত ছিল না বলে জানিয়েছেন জঙ্গি গোষ্ঠীটির মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ। পিস জাপান মেডিক্যাল সার্ভিসেসের প্রধান ড. নাকামুরা আফগানিস্তানের কৃষি ও সেচ প্রকল্প পুনর্গঠনের কাজে যুক্ত ছিলেন বলে কাদেরি জানিয়েছেন। অক্টোবরে নাকামুরা আফগানিস্তানের সম্মানসূচক নাগরিকত্বও পেয়েছিলেন। ৭৩ বছর বয়সি নাকামুরা পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারের জালালাবাদ শহরে হামলার শিকার হন। বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে কাবুলে নেওয়ার চেষ্টাকালে জালালাবাদ বিমানবন্দরেই তার মৃত্যু হয়। বন্দুকধারীদের হামলায় নাকামুরার সঙ্গে তার তিন দেহরক্ষী, গাড়িচালক ও এক সহকর্মীও নিহত হয়েছেন। তারা সবাই আফগান নাগরিক বলে জানা গেছে।
