স্মিথকে টপকে শীর্ষে কোহলি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ২১:৫৬

সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজে দারুণ খেলেছে অস্ট্রেলিয়া। তবে, ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেনের আড়ালে থেকে নিজেকে একেবারেই মেলে ধরতে পারেননি স্টিভেন স্মিথ। এবারই প্রথমবারের মতো কোনো টেস্ট সিরিজে একটা হাফ সেঞ্চুরিও পাননি তিনি।

আর এই সুযোগটাই যেন কাজে লাগালেন বিরাট কোহলি। টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষে চলে এসেছেন ভারতের এই অধিনায়ক। তার রেটিং পয়েন্ট ৯২৮। স্টিভেন স্মিথ তার চেয়ে পাঁচ পয়েন্ট পেছনে থেকে আছেন দ্বিতীয় অবস্থানে।

দিবারাত্রির টেস্টে সেঞ্চুরি দিয়ে বাংলাদেশ দলকে একেবারে নিঃশেষ করে ছেড়েছেন বিরাট কোহলি। আর ১৩৬ রানের সেই ইনিংসটি দিয়ে আগেই ৯২৮ রেটিং পয়েন্টে পৌঁছে গিয়েছিলেন তিনি। তার রেটিং পয়েন্ট আর না বাড়লেও আট রেটিং পয়েন্ট পিছিয়ে গেছেন স্টিভেন স্মিথ।

বড়ো উন্নতি হয়েছে সময়ের অন্যতম নায়ক ডেভিড ওয়ার্নারের। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে অ্যাডিলেডে তিনি ৩৩৫ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন। এর আগে প্রথম টেস্টে করেছিলেন সেঞ্চুরি। মাত্র দুই ইনিংস খেলেই করেছেন ৪৮৯ রান। এর কারণে ব্যাটসম্যানদের র্যাংকিং ১২ ধাপ এগিয়েছেন তিনি। ব্যাটসম্যানদের মধ্যে এখন তিনি আছেন পঞ্চম অবস্থানে।

অথচ, কদিন আগেই অ্যাশেজে বেশ বাজে সময় কাটিয়েছেন। সেটা এতটাই যে, দলে তার জায়গা নিয়েও ওঠেছিল প্রশ্ন। তবে, নির্বাচকরা আস্থা রেখেছিল তার ওপর। তিনি সেই আস্থার প্রতিদান দিয়ে নিজেকে ফিরে পেয়েছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে হারলেও দারুণ ফর্মে ছিলেন অধিনায়ক জো রুট। তিনি ২২৬ রানের ইনিংস খেলেছেন হ্যামিল্টনের সেডন পার্কে। এর সূত্র ধরে তিনি আবারো চলে এলেন সেরা দশে। তিনি চার ধাপ এগিয়ে চলে এসেছেন সাত নম্বরে। তার ঠিক আগেই আছেন ভারতের আজিঙ্কা রাহানে। তিনে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, চারে আছেন ভারতের চেতেশ্বর পূজারা।

পাকিস্তানের বিপক্ষে গতির ঝড় তোলা অজি পেসার মিশেল স্টার্ক বোলারদের মধ্যে এগিয়েছেন চার ধাপ। তিনি আছেন ১৪তম অবস্থানে। লখনৌতে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট পেয়ে বোলারদের মধ্যে তিন নম্বরে ওঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। এখন তার রেটিং পয়েন্ট ৮৩০। এটাই তার ক্যারিয়ারের সেরা রেটিং। আর বলাই বাহুল্য, এখনো তিনি অলরাউন্ডারদের র্যাংকিংয়ের শীর্ষ অবস্থান ধরে রেখেছেন।

টেস্টের

সেরা

পাঁচ

ব্যাটসম্যান

অবস্থান     ব্যাটসম্যান               দল                  রেটিং পয়েন্ট

১             বিরাট কোহলি          ভারত              ৯২৮

২             স্টিভেন স্মিথ             অস্ট্রেলিয়া         ৯২৩

৩             কেন উইলিয়ামসন     নিউজিল্যান্ড      ৮৭৭

৪             চেতেশ্বর পূজারা        ভারত              ৭৯১

৫             ডেভিড ওয়ার্নার        অস্ট্রেলিয়া         ৭৬৪