রয়টার্স
মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের বিমান হামলায় গত শনি ও রবিবারে সোমালিয়ায় কমপক্ষে ৬২ জঙ্গি নিহত হয়েছে। মোট ছয়টি বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। সোমালিয়ার দক্ষিণ-মধ্যাঞ্চলীয় বানাদির প্রদেশে এ ঘটনা ঘটেছে।
আফ্রিকা কমান্ডের মিলিটারির (আফ্রিকম) পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার চারবার বিমান হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ৩৪ জঙ্গি নিহত হয়। আর পরদিন আরো দুটি বিমান হামলা চালানো হয়। এতে ২৮ জন জঙ্গি নিহত হয়েছে বলে আফ্রিকমের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আফ্রিকমের এক বিবৃতিতে বলা হয়েছে , যুক্তরাষ্ট্র ও সোমালিয়ার সৈন্যবাহিনী যৌথভাবে এ হামলা চালিয়েছে। প্রত্যন্ত অঞ্চল থেকে জঙ্গিদের ঘাঁটি নির্মূল করতেই এই অভিযান চালানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, এ হামলাটি এ বছরের মধ্যে সবচেয়ে বড় ধরনের হামলা। তবে এ হামলায় কোনো বেসামরিক নাগরিক নিহত কিংবা আহত হয়নি। উল্লেখ্য, জাতিসংঘ সমর্থিত দেশটিতে প্রায়ই জঙ্গিদের মোকাবিলায় এ ধরনের হামলা চালানো হয়ে থাকে। কেননা সোমালিয়ায় জঙ্গিদের তত্পরতা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। সেখানে আল শাবাব জঙ্গিরাই বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদেরকে মোকাবিলা করতেই সেখানে সোমালিয়া ও যুক্তরাষ্ট্র যৌথভাবে অভিযান পরিচালনা করে আসছে। গতমাসে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তাদের হামলায় ৩৭ জঙ্গি নিহত হয়েছে।
