গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি নূরুল ইসলামের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন নূরুলের স্ত্রী রুবি রহমান। তিনি মনে করেন নূরুল ইসলামের মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। গতকাল বুধবার নূরুল ইসলাম ও তার একমাত্র ছেলে ইসলাম তমোহরের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রুবি রহমান।
রহস্যজনক এ মৃত্যুর তদন্ত ২০১৮ সালের ৯ জানুয়ারি থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) করছে। এর আগে এ মামলা তদন্তের দায়িত্বে ছিল সিআইডি, র?্যাব ও ডিবি। ২০০৮ সালের ৩ ডিসেম্বর রাতে রাজধানীর লালমাটিয়ায় স্বপ্নপুরী হাউজিং কমপ্লেক্সের ফ্ল্যাটে নূরুল ইসলাম ও তার ছেলে ইসলাম তমোহর ঘুমন্ত অবস্থায় রহস্যজনক দগ্ধ হন। তমোহর ঘটনাস্থলেই মারা যান। গুরুতর দগ্ধ নূরুল ইসলাম সাময়িক জ্ঞান ফিরে পেলেও চিকিত্সাধীন অবস্থায় ৪ ডিসেম্বর বিকালে মারা যান। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়।
